‘হিন্দু হিন্দু ভাই ভাই’, বিধানসভা চত্বরে উঠলো এমনই স্লোগান। মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস এবং তাঁর ছেলে চন্দন দাসের হত্যার প্রতিবাদ জানিয়ে সারা রাজ্য জুড়ে হিন্দু শহীদ দিবস পালনের ডাক দিয়েছে বিজেপি। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদ-বিক্ষোভে উত্তপ্ত পুরো দেশ। আর সেই হিংসার বলি মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস এবং তাঁর ছেলে চন্দন দাস। সেই কারণেই এদিন বিধানসভার বাইরে বিক্ষোভে যোগ দিলেন বিজেপি বিধায়করা। মুর্শিদাবাদে মৃত বাবা-ছেলের পোস্টার হাতে নিয়ে বিধানসভার সামনেই দাঁড়িয়ে স্লোগানে গর্জে উঠলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানালেন তীব্র প্রতিবাদ।
বুধবার যেই সময় বিধানসভার বাইরে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু করা হয়, ঠিক একই সময়ে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে ইমামদের সঙ্গে বৈঠকের আয়োজন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে উঠে কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক তোপ দাগলেন মমতা। সারাদেশ জুড়ে অশান্তির জন্য কেন্দ্রের ওপরেই দোষ চাপালেন তিনি। বাংলাদেশের পরিস্থিতি দেখে কেন হঠাৎ করে এত তড়িঘড়ি ওয়াকফ আইন পাস করা হলো দেশজুড়ে সেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা।
এদিকে ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করে একেবারে কর্মসূচি চলছে দেশ জুড়ে। অন্যদিকে আবার নতুন করে অশান্তির সৃষ্টি হলো মুর্শিদাবাদের ধুলিয়ানায়। পুরসভার চেয়ারম্যানের ভাইয়ের দোকানে রীতিমতো আগুন লাগিয়ে দিল দুষ্কৃতীরা। অন্যদিকে ধুলিয়ানে যেতে চেয়েছিলেন আবারো কলকাতা হাইকোর্টের কাছে আবেদন জানিয়েছেন এরাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
