মুর্শিদাবাদ—পশ্চিমবঙ্গের এক প্রান্তিক জেলা, অথচ ইতিহাসের পাতায় তার নাম বহুবার উঠে এসেছে সাম্প্রদায়িক উত্তেজনা, রাজনৈতিক সংঘর্ষ কিংবা আন্তর্জাতিক সীমান্ত সংক্রান্ত বিতর্কের প্রেক্ষাপটে। সম্প্রতি এখানকার একাধিক অঞ্চলে ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় শুধু রাজ্য প্রশাসন নয়, নড়েচড়ে বসেছে বাংলাদেশ সরকারও। আর ঠিক এই জায়গাতেই শুরু হয় এক জটিল কূটনৈতিক সমীকরণ, যেখানে সীমান্তের দুই পাশের অভ্যন্তরীণ রাজনীতি সরাসরি প্রভাব ফেলছে দ্বিপাক্ষিক সম্পর্কে।
আসলে মুর্শিদাবাদে বাংলাভাষী মুসলিম জনগোষ্ঠীর বড়ো অংশ বসবাস করে এবং এখানকার অনেক নাগরিকের আত্মীয়স্বজন সীমান্তের ওপারে বসবাস করেন। ফলে এই অঞ্চলে যখনই হিংসার আগুন ছড়ায়, বাংলাদেশ সরকার স্বাভাবিকভাবেই নজর রাখে পরিস্থিতির ওপর। এমনকি কয়েকটি মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে, ঢাকার কূটনৈতিক মহলে বিষয়টি নিয়ে একাধিক পর্যায়ের আলোচনা হয়েছে, এবং ভারতীয় হাই কমিশনের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে স্থানীয় পরিস্থিতি সম্পর্কে।
আর এই বিষয়ে ভারতীয় বিদেশমন্ত্রক বরাবরের মতোই সংযত প্রতিক্রিয়া দিয়েছে। স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, মুর্শিদাবাদের ঘটনা ভারতের অভ্যন্তরীণ বিষয়, এবং এর সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা বা সামাজিক স্থিতিশীলতার কোনো সরাসরি যোগ নেই।
দিল্লি কূটনৈতিক ভাষায় বোঝাতে চেয়েছে যে, সীমান্তবর্তী এলাকায় কোনো সাম্প্রদায়িক উত্তেজনা নিয়ে আন্তর্জাতিক স্তরে আলোচনার প্রয়াস গ্রহণ করা হলে, সেটা ভারত রাষ্ট্র হিসেবে ভালোভাবে গ্রহণ করবে না।
বিশেষত লোকসভা নির্বাচন ঘনিয়ে আসায়, সংখ্যালঘু ভোটব্যাঙ্ককে কেন্দ্র করে হিংসা ও উত্তেজনা সৃষ্টি হচ্ছে এমন অভিযোগও উঠেছে। এছাড়াও শেখ হাসিনার সরকার এখন আন্তর্জাতিক মহলে ভারতের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। তাই যখনই সীমান্তবর্তী কোনো ভারতীয় জেলায় সংঘর্ষ হয়, কিংবা সেখানকার মুসলিম জনগোষ্ঠী আক্রান্ত হয় বলে অভিযোগ উঠে, তখন বাংলাদেশের ভিতর থেকে একটা চাপ তৈরি হয় সরকারের ওপর। সরকার কিছু না কিছু প্রতিক্রিয়া জানাতে থাকে —যা কখনও কখনও কূটনৈতিক স্তরে ভারসাম্য হারানোর আশঙ্কা তৈরি করে।
আর ঠিক এই জায়গাতেই দিল্লির ‘মোখম জবাব’—যেটা সরাসরি হুমকি নয়, কিন্তু একটি স্পষ্ট বার্তা। দিল্লি স্পষ্ট করে দিতে চেয়েছে যে, অভ্যন্তরীণ অস্থিরতা যদি প্রতিবেশী দেশের মাধ্যমে আন্তর্জাতিক আলোচনার বিষয় হয়ে ওঠে, তবে তা শোভনীয় নয়।
