ফের ভূমিকম্প, এবার কেঁপে উঠল আফগানিস্থান। আফগানিস্তানে শনিবার দুপুর নাগাদ ৫.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ৩৬.১০ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৭১.২০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে, ভূগর্ভস্থ ১৩০ কিলোমিটার গভীরতায়। এই কম্পন ভারতের জম্মু ও কাশ্মীর এবং দিল্লি-এনসিআর অঞ্চলেও অনুভূত হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
জাতীয় সিসমোলজি সেন্টার (এনসিএস) জানায়, শনিবার ভারতীয় সময় দুপুর ১২টা ১৭ মিনিটে আফগানিস্তানে এই ভূমিকম্পটি ঘটে। এনসিএস-এর এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলা হয়েছে,
“ভূমিকম্পের মাত্রা: ৫.৮, তারিখ: ১৯/০৪/২০২৫, সময়: ১২:১৭:৫৩ আইএসটি, অক্ষাংশ: ৩৬.১০° উত্তর, দ্রাঘিমাংশ: ৭১.২০° পূর্ব, গভীরতা: ১৩০ কিমি, অবস্থান: আফগানিস্তান।” উত্তর ভারত ছাড়াও পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলেও কম্পন অনুভূত হয়। শ্রীনগরের এক স্থানীয় বাসিন্দারা এই কম্পন টের পাওয়ার কথা জানিয়েছেন।
আফগানিস্তান ভূমিকম্প প্রবণ এলাকা
রাষ্ট্রসঙ্ঘের মানবিক সহায়তা সমন্বয় কার্যালয় (ইউএনওসিএইচএ) জানিয়েছে, আফগানিস্তান ভূমিকম্প, ভূমিধস ও মৌসুমী বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের জন্য অত্যন্ত বিপজ্জনক। সেদেশের হিন্দু কুশ অঞ্চলে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প হয়, যা ভূতাত্ত্বিকভাবে সক্রিয় এলাকা হিসেবে পরিচিত। আফগানিস্তান ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত, যেখানে বেশ কয়েকটি বড় চ্যুতিরেখা রয়েছে। এর মধ্যে একটি সরাসরি হেরাত শহরের মধ্য দিয়ে গেছে, যা এই অঞ্চলে ভূমিকম্পের ঝুঁকি বাড়িয়ে তুলেছে। দীর্ঘস্থায়ী সংঘাত ও অর্থনৈতিক দুরবস্থার কারণে স্থানীয় জনগোষ্ঠীর বিপর্যয় মোকাবেলার সক্ষমতাও সীমিত।যদিও এবারের ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খবর নেই, তবুও আফগানিস্তান ও পার্শ্ববর্তী অঞ্চলের কর্তৃপক্ষ সম্ভাব্য পরবর্তী কম্পনের জন্য নজরদারি চালিয়ে যাচ্ছে।
শনিবার অসমেও ভূমিকম্প
অসমের নগাঁওয়েও এদিন ২.৯ মাত্রার ভূমিকম্প হওয়ার তথ্য ধরা পড়েছে।শনিবার সকালে অসমের নগাঁও জেলায় ২.৯ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। জাতীয় সিসমোলজি সেন্টার (এনসিএস) জানায়, স্থানীয় সময় সকাল ৭টা ৩৮ মিনিটে এই ভূমিকম্পটি ঘটে। এর অক্ষাংশ ছিল ২৬.৫০ এবং দ্রাঘিমাংশ ৯৩.২৭। ভূমিকম্পের তীব্রতা কম হওয়ায় নগাঁওয়ে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে।
সাম্প্রতিক অন্যান্য ভূমিকম্প
শনিবারের আগে বুধবার আফগানিস্তানের বাগলান প্রদেশের ১৬৪ কিলোমিটার পূর্বে ৫.৬ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল। ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) প্রাথমিকভাবে এটিকে ৬.৪ মাত্রার হিসেবে রিপোর্ট করলেও পরে সংশোধন করে ৫.৬ বলে নিশ্চিত করে। এছাড়াও, বুধবার ভোররাত ৫টা ১৪ মিনিটে জম্মু-কাশ্মীরের কিশ্তোয়ার অঞ্চলে ২.৪ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়, যার গভীরতা ছিল মাত্র ৫ কিলোমিটার।
