শুল্ক ও বাণিজ্য নিয়ে টানাপোড়েনের আবহেই সোমবার ভারতে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তাঁর সঙ্গে এই সফরে আসছেন স্ত্রী উষা ভান্স এবং তাদের সন্তানেরা। জানা গেছে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স, তার স্ত্রী উষা এবং তাদের তিন সন্তান ইওয়ান, বিবেক ও মিরাবেল সোমবার সকাল ১০টায় চারদিনের ভারত সফরে দিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করবেন।ভ্যান্সের সঙ্গে পেন্টাগন ও স্টেট ডিপার্টমেন্টের অন্তত পাঁচজন উচ্চপদস্থ কর্তা থাকবেন বলে জানা গেছে। সোমবার বিমানবন্দরে ভান্সকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন কোনও না কোনও কেন্দ্রীয় মন্ত্রী।দিল্লিতে পৌঁছানোর কয়েক ঘণ্টার মধ্যেই ভ্যান্স ও তার পরিবার স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির পরিদর্শন করবেন এবং সম্ভবত ঐতিহ্যবাহী ভারতীয় হস্তশিল্পের দোকানেও যাবেন।
প্রসঙ্গত, ভারত, কানাডা, চিন-সহ একাধিক দেশের উপর ২ এপ্রিল থেকে ব্যাপক হারে শুল্ক চাপিয়েছে ট্রাম্প প্রশাসন। ভারতের উপর ২৬ শতাংশ কর চাপালেও পারস্পরিক শুল্কের উপর ৯০ দিনের স্থগিতাদেশ দেওয়া হয়েছে।এই অবস্থায় দু দেশের মধ্যে বানিজ্য পরিকল্পনা কাজ এগিয়ে নিয়ে চলার পাশাপাশি বিশ্ব রাজনীতি ও অর্থনীতির দিকে নজর রাখছে দিল্লি। এনডিটিভির রিপোর্ট অনুযায়ী সোমবার সন্ধ্যা সাড়ে ছ’টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভ্যান্সের দ্বিপাক্ষিক বৈঠক হবে, যেখানে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির দ্রুত নিস্পত্তি এবং দু দেশের সম্পর্ককে আরও গতিশীল করার উপায় নিয়ে আলোচনা হবে।এই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে ভারতের বানিজ্যমহল। বৈঠকে ভারতের পক্ষে থাকবেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বিদেশ সচিব বিক্রম মিশ্রী এবং যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা।
বৈঠক শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার সন্ধ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স ও ভারতীয় বংশোদ্ভূত সেকেন্ড লেডি উষা ভ্যান্স ও আমেরিকান প্রতিনিধিদের জন্য ডিনারের আয়োজন করবেন। দিল্লিতে ভ্যান্স ও তার পরিবার আইটিসি মৌর্য শেরাটন হোটেলে থাকবেন।
সোমবার রাতেই জয়পুরের উদ্দেশ্যে রওনা দেবেন জে.ডি. ভ্যান্স ও উষা ভ্যান্স ।২২ এপ্রিল জয়পুরে তারা আমের ফোর্ট সহ বেশ কয়েকটি ঐতিহাসিক স্থান পরিদর্শন করবেন। সন্ধ্যায় ভ্যান্স রাজস্থান ইন্টারন্যাশনাল সেন্টারে একটি বক্তৃতা দেবেন, যেখানে কূটনীতিক, পররাষ্ট্র বিশেষজ্ঞ, সরকারি কর্মকর্তা ও শিক্ষাবিদরা উপস্থিত থাকবেন।
২৩ এপ্রিল সকালে ভ্যান্স ও তার পরিবার আগ্রা যাবেন, যেখানে তারা তাজমহল ও শিল্পগ্রাম (ভারতীয় হস্তশিল্পের প্রদর্শনী কেন্দ্র) পরিদর্শন করবেন। আগ্রা ভ্রমণ শেষে তারা জয়পুর ফিরে যাবেন এবং ২৪ এপ্রিল জয়পুর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন। জয়পুরে তারা বিলাসবহুল রামবাগ প্যালেসে থাকবেন, যা একসময় রাজপরিবারের অতিথিশালা ছিল।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
