সংশোধিত ভোটার তালিকায় স্বস্তি নির্বাচন কমিশনে
সুদীপ্ত চট্টোপাধ্যায়
চলতি বছরের ৬/৭ জানুয়ারিতে প্রকাশিত ভোটার তালিকার নতুনভাবে সংশোধনী করার পর থেকে মহারাষ্ট্র বাদে দেশের বাকি সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকা সংশোধনী সংক্রান্ত কোনও আবেদন জমা পড়েনি। শুধুমাত্র মহারাষ্ট্রে প্রথম লেভেল অর্থাৎ ডিইও বা জেলা শাসকদের কাছে যে আবেদন জমা পড়ে তার সংখ্যা ৮৯ এবং তার ওপরে দ্বিতীয় লেভেল অর্থাৎ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তরে মহারাষ্ট্রে একটিমাত্র আবেদন জমা পড়ে। বাকি কোনও রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে একটিও অভিযোগ দুটি লেভেলের ক্ষেত্রেই কোথাও জমা পড়েনি। গোটা দেশের সামগ্রিক তথ্য তুলে ধরে একথা জানিয়ে দিল নির্বাচন কমিশন। সেই অর্থে পশ্চিমবঙ্গে নতুনভাবে সংশোধিত ভোটার তালিকা সম্পূর্ণ আপত্তিহীন। যেহেতু সংশোধনের জন্য দুই ক্ষেত্রেই কোন আবেদন জমা পড়ে নিয়ে রাজ্যে সেই হেতু একথা হলপ করে বলা যেতেই পারে যে নতুনভাবে সংশোধিত ভোটার তালিকা এক কথায় নির্ভুল এমনটাই মত কমিশনের আধিকারিকদের।
উল্লেখযোগ্য, ভোটার তালিকার নতুন সংশোধন চলাকালীন বা যেকোনো সংশোধন (সেকশন ২২) বা অন্তর্ভুক্তি (সেকশন ২৩) এর ওপর যে কোনও সংশোধন করার জন্য জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০ এর সেকশন ২৪ এর অধীনে জেলাশাসক এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আবেদন করতে হয়। শুধুমাত্র মহারাষ্ট্র ছাড়া দেশের আর কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে কোনও আবেদন জমা পড়েনি।
নতুনভাবে সংশোধিত ভোটার তালিকা অনুযায়ী এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট ভোটার সংখ্যা হল ৭ কোটি ৬৫ লক্ষ ৬ হাজার ৫৮২ জন। ২৬ এর আসন্ন বিধানসভা নির্বাচনে এই বিপুল সংখ্যক ভোটার রাজ্যজুড়ে ভোটের লাইনে দাঁড়াবেন। অবশ্য চলতি বছরে আরও একবার ভোটার তালিকায় নতুনভাবে নাম তোলার সুযোগ পাওয়া যাবে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দেশের মধ্যে সবচেয়ে বেশি ভোটার উত্তরপ্রদেশে ১৫ কোটি ৩৮ লক্ষের কিছু বেশি। দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র, প্রায় ৯ কোটি ৭৮ লক্ষ। তৃতীয় স্থানে বিহার যেখানে ভোটার সংখ্যা ৭ কোটি ৮১ লক্ষ ৮৮ হাজার ৪২৬। আর চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। প্রসঙ্গত, লোকসংখ্যা অনুযায়ী গোটা দেশেও পশ্চিমবঙ্গ চতুর্থ বৃহত্তম রাজ্য। সম্প্রতি ভোটার তালিকায় ডুপ্লিকেট এপিক কার্ড নম্বর বা ভুয়ো ভোটার ইস্যুতে দেশজুড়ে রাজনৈতিক বিতর্ক দানা বাঁধে। যার সুরটা বেঁধে দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু রাজ্য বা জাতীয় রাজনীতিতেই নয়, সংসদের উভয়কক্ষে এই ইস্যুতে আন্দোলন বিক্ষোভ চরম ওঠে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব কে তলব করে বৈঠক করতে হয় জাতীয় নির্বাচন কমিশনকে। অবশেষে মহারাষ্ট্র বাদে দেশের বাকি সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নতুনভাবে সংশোধিত ভোটার তালিকায় সংযোজন বিয়োজন নিয়ে কোন আবেদন না থাকায় কিছুটা হলেও স্বস্তিতে নির্বাচন কমিশন।
