আজ যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করতে পারে এসএসসি
নিজস্ব সংবাদদাতা::
আজ পাখির চোখ যোগ্য- অযোগ্য তালিকায়। রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু ও স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী আজ প্রকাশ হতে পারে প্রায় ২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্য ও অযোগ্য শিক্ষকদের পৃথক তালিকা। এসএসসি সূত্রে খবর, আজ সন্ধ্যে নাগাদ যোগ্য-অযোগ্যদের তালিকা এসএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। উল্লেখযোগ্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ যোগ্য ও অযোগ্যদের পৃথকীকরণের নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারকে। যেহেতু স্কুল সার্ভিস কমিশন এই নিয়োগ প্রক্রিয়ার দায়িত্বে তাই যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশনই। তাই গোটা রাজ্যের পাখির চোখ আজ স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটের দিকেই থাকবে তা বলাই বাহুল্য।
এদিকে এই যোগ্য-অযোগ্য তালিকা নিয়ে ফের সরগরম চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা। যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেয়া হয়েছে যে শুধু তালিকা প্রকাশ করলেই হবে না তালিকায় স্পষ্টভাবে প্রতিটি নামের পাশে যোগ্য শিক্ষক বা যোগ্য শিক্ষিকা হিসেবে উল্লেখ থাকতে হবে। একই সঙ্গে যারা অযোগ্য তাদের বরখাস্তপত্র দেওয়া হছে তারও উল্লেখ করতে হবে। তাদের যুক্তি, “শুধু তালিকা প্রকাশ করে দায় সারলেই হবে না, সেই তালিকায় স্বচ্ছতা বজায় রেখে তা যেন সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের যোগ্য হয় সেদিকে নজর রাখতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। সে ক্ষেত্রে প্রতিটি যোগ্য শিক্ষক বা শিক্ষিকাকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই স্পষ্ট করে উল্লেখ করতে হবে এসএসসিকে। যোগ্য ও অভিযোগ হীন শিক্ষক শিক্ষিকাদের চিহ্নিত করে দেওয়ার দায়িত্ব কমিশনেরই।” আজ দুপুরে নিজেদের দাবি-দাওয়া নিয়ে এসএসসি অভিযান করবে যোগ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ। শুধু যোগ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাই নয় এই অভিযানে অংশ নিতে চান চাকরিহারা যোগ্য শিক্ষাকর্মীরাও। ২০১৬ এসএসসি নিয়োগ দুর্নীতিতে যে ১৭ টি ক্ষেত্রে দুর্নীতির প্রমাণ পেয়েছে কলকাতা হাইকোর্ট সেই সমস্ত দুর্নীতির সঙ্গে যোগ্য চাকরিহারা শিক্ষা কর্মীদের কোনও যোগ নেই বলেও দাবি করা হয়েছে। তাই যোগ্য চাকরিহারা শিক্ষা কর্মীদের বিষয়ক স্কুল সার্ভিস কমিশনকে ভাবতে হবে বলে আওয়াজ তুলেছেন তারা। শিক্ষক ও শিক্ষা কর্মীদের মধ্যে এই বিভাজন প্রক্রিয়া কোনমতেই বরদাস্ত করা হবে না বলেও জানিয়েছে যোগ্য চাকরিহারা শিক্ষা কর্মীদের সংগঠন। গত ৭ এপ্রিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সঙ্গে বৈঠকে যোগ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা ২১ এপ্রিল এর মধ্যে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছিলেন। শিক্ষামন্ত্রী ও দুই সপ্তাহ সময় চেয়েছিলেন তালিকা প্রকাশের জন্য। আজ একুশে এপ্রিল সেই সময় মেয়াদ পূর্ণ হচ্ছে। সে কারণে আশা করা হচ্ছে যে আজ যোগ্য ও অযোগ্যদের পৃথকীকরণের তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন।
