পশ্চিমবঙ্গের এসএসসি চাকরিহারাদের জন্য আজ এক গুরুত্বপূর্ণ দিন। যে তালিকা নিয়ে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা তৈরি হয়েছে, আজ তা প্রকাশিত হতে পারে। ২০১৬ সালের নিয়োগ প্যানেল অনুসারে, কে ‘যোগ্য’ এবং কে ‘অযোগ্য’, সেই তালিকাটি আজই প্রকাশ করার কথা রয়েছে এসএসসি-র পক্ষ থেকে। এই তালিকাটির ওপর নির্ভর করছে, কোন চাকরিহারারা ফিরে যাবেন স্কুলে এবং কারা না।
গত এক সপ্তাহ ধরে তৎপরতার সঙ্গে কাজ চলেছে এসএসসি অফিসে। রবিবারও অফিসে ছিল ভীষণ হুড়োহুড়ি। শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশে কিছু চাকরিহারাদের স্কুলে ফিরতে দেওয়া হলেও, যাঁরা ‘অযোগ্য’ বলে চিহ্নিত হতে পারেন, তাঁদের মধ্যে অস্বস্তি কমেনি। অনেকেই স্কুলে গিয়েও কাগজে সই করতে চাইছেন না। তাঁদের দাবি, এসএসসি যদি যোগ্যতার তালিকা প্রকাশ না করে, তবে স্কুলে ফিরে তাঁদের কাজ করতে মন নেই।
এদিকে, চাকরিহারাদের পক্ষ থেকে পরীক্ষার OMR-এর মিরর ইমেজ প্রকাশের দাবি উঠেছিল, কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ইতিমধ্যে জানিয়েছেন যে এসএসসি-র কাছে সেই তথ্য নেই। তবে, সিবিআইয়ের কাছে থাকা কপি প্রকাশেরও সম্ভাবনা রয়েছে।
আজই তালিকা প্রকাশ হতে পারে বলে, আন্দোলনকারীরা আবারও এসএসসি দফতরের সামনে মিছিল ও অবস্থান বিক্ষোভের পরিকল্পনা করেছে। ২০১৬ সালের নিয়োগ প্যানেলের এই ‘যোগ্য-অযোগ্য’ তালিকা, যা সরকারি স্কুলগুলোর শিক্ষক নিয়োগের ভবিষ্যত নির্ধারণ করবে, সে দিকেই এখন সকলের নজর।
