স্লোগান পাল্টা স্লোগানে সরগরম নির্বাচনী দফতর
নিজস্ব সংবদদাতা::
কলকাতা পুরনিগমের সমবায় সমিতির নির্বাচন ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। সোমবার কলকাতা পুরনিগমের নির্বাচন। আর তা নিয়ে আজ থেকেই শুরু শাসক-বিরোধী তরজা। কলকাতা পুরনিগমের নির্বাচনকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ বিরোধীপক্ষের। যা অতীতে কোনো দিন হয়নি বলে অভিযোগ বামপন্থী শ্রমিক কর্মচারী সংগঠনের। শাসকদলের পাল্টা অভিযোগ ৩৪ বছর ক্ষমতায় থাকাকালীন বামফ্রন্ট কোনোদিনই বিরোধীদের মনোনয়নপত্র জমা দিতে দিতো না বলে অভিযোগ তৃণমূল শ্রমিক কর্মচারী সংগঠনের। সিটুর পাল্টা অভিযোগ কোনো নির্বাচনী বিধিকে না মেনেই নির্বাচনী প্রক্রিয়া শুরু করা হয়েছে। এমনকি সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ভোটার তালিকা প্রকাশ করা হচ্ছে না বলেও অভিযোগ সিটুর সভাপতি অমিতাভ চক্রবর্তীর। এদিন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে মুখোমুখি তৃণমূল ও বামফ্রন্ট। একদিকে তৃণমূলের স্লোগান “সিপিআইএম এর চামড়া গুটিয়ে দেব আমরা” আবার অন্যদিকে বামফ্রন্টের স্লোগান “করপোরেশনের ভোট কালীঘাটে নিয়ে যাওয়া যাবে না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করতে হবে।” শাসক-বিরোধী স্লোগান পাল্টা স্লোগানে এদিন উত্তপ্ত হয়ে উঠে নির্বাচনী আধিকারিকের দফতর। সিটু নেতা অমিতাভ চক্রবর্তী অভিযোগ “শাসকদল জানে যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হলেই বেহালার নির্বাচনের মত তারা শূন্য পাবেন। তাই নির্বাচনকে ছুটির দিন রবিবার ১৮ মে রাখা হয়েছে। যাতে ছুটির দিন ভোটাররা ভোট দিতে না আসতে পারে।” পাল্টা অভিযোগ তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা শ্রীমন্ত ঘোষালের। তার অভিযোগ “আসলে বামফ্রন্টের পায়ের তলায় জমি নেই। তাই আগে থেকে নির্বাচনে হেরে যাওয়ার বাহানা খুঁজছে বামফ্রন্ট।”
উল্লেখ্য, কলকাতা পুরনিগমের সমবায় নির্বাচনে মোট ২৩ টি আসনে নির্বাচন। ভোট হবে ১৮ মে। ২৬ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। তার আগেই আজ মনোনয়নপত্র দাখিল করাকে নিয়ে উত্তপ্ত পরিস্থিতি কলকাতা পুরনিগমের অন্দরে।
