IIT খড়্গপুরে ফের এক পড়ুয়ার রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল। রবিবার রাতে জগদীশচন্দ্র বসু ভবনের সি-২১৪ নম্বর ঘর থেকে উদ্ধার হল চতুর্থ বর্ষের ছাত্র অনিকেত ওয়ালকারের ঝুলন্ত দেহ। তিনি মহারাষ্ট্রের বাসিন্দা ও ‘ওসিয়ান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড নভেল আর্কিটেকচার’ বিভাগে পড়াশোনা করতেন। চলতি বছরেই তার IIT থেকে উত্তীর্ণ হওয়ার কথা ছিল।
সূত্রের খবর, রবিবার সন্ধ্যা থেকে নিজের ঘরের দরজা বন্ধ করে ছিলেন অনিকেত। প্রথমে বিষয়টি স্বাভাবিক মনে হলেও পরে সহপাঠীদের সন্দেহ হয়। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনও সাড়া না মেলায় সহপাঠীরা দরজা ধাক্কাতে শুরু করেন। শেষমেশ দরজা ভেঙে ভিতরে ঢুকতেই নজরে আসে মর্মান্তিক দৃশ্য— সিলিং ফ্যান থেকে ঝুলছে অনিকেতের নিথর দেহ।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়্গপুর টাউন থানার পুলিশ। দেহ উদ্ধার করে পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সোমবার হবে ময়নাতদন্ত। ইতিমধ্যেই অনিকেতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।
এই মৃত্যু ঘিরে প্রশ্ন উঠছে— এটি আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনও রহস্য আছে? IIT কর্তৃপক্ষ ও পুলিশ দু’পক্ষই তদন্তে নেমেছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনও নিশ্চিত নয় কেউ।
উল্লেখযোগ্যভাবে, গত চার মাসে এই নিয়ে দ্বিতীয়বার IIT খড়্গপুরে পড়ুয়ার রহস্যমৃত্যুর ঘটনা ঘটল। এর আগে এক কসবা নিবাসী পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছিল হস্টেল ঘর থেকে, যিনি ছুটির দিনে বাবা-মায়ের সঙ্গে দেখা করার কথা বলেছিলেন।
একাধিক রহস্যমৃত্যুতে চিন্তিত IIT খড়্গপুরের পড়ুয়া ও অভিভাবক মহল। মানসিক চাপ, প্রতিযোগিতা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ কি এর পেছনে কাজ করছে? উঠছে এমন প্রশ্ন। তদন্তের রিপোর্টের দিকেই তাকিয়ে সকলের চোখ।
