রাজ্যের সাংবিধানিক প্রধান, রাজ্যপাল সি ভি আনন্দ বোস অসুস্থ হয়ে পড়ায় সোমবার সকালে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রের খবর অনুযায়ী, বুকে যন্ত্রণা অনুভব করায় তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে এবং জানা যায় ওনার হার্ট এ্যাটাক হয়েছে।বর্তমানে চিকিৎসকেরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করছেন এবং প্রয়োজনে তাঁকে অন্যত্র স্থানান্তর করার বিষয়েও ভাবনা-চিন্তা চলছে।
এই খবর পাওয়ার পরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাসপাতালে পৌঁছে রাজ্যপালের শারীরিক অবস্থার খোঁজ নেন। শালবনীতে জিন্দাল গোষ্ঠীর পাওয়ার প্লান্টের শিলান্যাস অনুষ্ঠানে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যপালকে হাসপাতালে দেখতে যাওয়ায় কিছুটা দেরি হয়েছে।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই রাজ্যপাল সি ভি আনন্দ বোস পশ্চিমবঙ্গের অশান্ত এলাকাগুলিতে সরেজমিনে পরিদর্শনে ব্যস্ত ছিলেন। শুক্রবার মালদহ ও মুর্শিদাবাদ সফর করেন তিনি এবং সেখানকার অশান্তিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করেন। শনিবার ফের মুর্শিদাবাদের হিংসা কবলিত এলাকায় পৌঁছে রাজ্যপাল বলেন, “পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও সাধারণ মানুষের মধ্যে এখনও আতঙ্ক কাটেনি।” তিনি আরও দাবি করেন, “মুর্শিদাবাদে বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে।”
রাজনৈতিক মহল ও প্রশাসনিক স্তরে এই খবর বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। রাজ্যপালের আকস্মিক অসুস্থতা ঘিরে উদ্বেগ ছড়িয়েছে রাজভবন ও রাজ্য সরকারের মধ্যে। তবে হাসপাতাল সূত্রে এখনো পর্যন্ত রাজ্যপালের অবস্থা নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ঘটনার ওপর মুখ্যমন্ত্রীর এই দ্রুত প্রতিক্রিয়া প্রমাণ করে, প্রশাসনিক দায়িত্ব পালনে তিনি কতটা সচেতন এবং মানবিক সম্পর্ককেও সমান গুরুত্ব দেন।
