কাশ্মীরে পহেলগাঁওতে জঙ্গি হামলায় প্রাণ হারালেন বাঙালি পর্যটক। জানা গিয়েছে যে, ওই ব্যক্তি কলকাতার বেহালার বাসিন্দা। কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিল তাঁর স্ত্রী ও সন্তান। আর সেখানেই জঙ্গিদের হাতে গুলিবিদ্ধ হন তিনি। খবরটা মাত্রই পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।
সূত্রে জানা গিয়েছে, মৃত কলকাতার বাসিন্দার নাম বিতান অধিকারী। বেহালার বৈশালী পার্কের বাসিন্দা তিনি। স্ত্রী এবং সন্তানকে নিয়ে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন বিতান অধিকারী এ দিন পহেলগাঁওয়ে হামলার সময় জঙ্গিদের হাত থেকে রেহাই পাননি তিনিও। সন্ত্রাসবাদীদের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় বিতানের শরীর। বিতানের মৃত্যুর খবর পাওয়া মাত্রই মন্ত্রী অরূপ বিশ্বাস পৌঁছে যান তাঁর বাড়িতে। পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। পাশাপাশি সরকারের তরফ থেকে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মন্ত্রী।
প্রসঙ্গত উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরে আবারো সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটেছে মঙ্গলবার। সন্ত্রাসবাদীদের ঘৃণ্য নাশকতার সম্মুখীন হতে হয়েছে ভূস্বর্গ কাশ্মীরে বেড়াতে যাওয়া পর্যটকদের। সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে যে, ‘কাশ্মীর রেজিস্ট্যান্স’ নামে এক সন্ত্রাসবাদী সংগঠন এদিন পহেলগাঁওয়ে ঘুরতে আসা পর্যটকের উপর হামলা চালায়। ইতিমধ্যেই হামলায় দায় স্বীকার করে নিয়েছে তারা। সন্ত্রাসবাদীদের গুলিতে আহত হয়েছেন একাধিক পর্যটক।
শেষ পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, এখনো পর্যন্ত জঙ্গিদের গুলিতে মৃতের সংখ্যা বেড়ে ৩০ জন। এহেন ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ সকল রাজনৈতিক ব্যক্তিত্বরাই এই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেছেন। ইতিমধ্যেই ফোন মারফত জঙ্গি হামলার খবর এবং তাতে এতজন পর্যটকের মৃত্যুর খবর পাওয়া মাত্রই সৌদি আরব শহর থেকে ফিরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলছে জরুরী বৈঠক।
