নদীপাড় ও পরিবেশ সংরক্ষণে গুরুত্ব নয়া টার্মিনালে
সুদীপ্ত চট্টোপাধ্যায়
অভ্যন্তরীণ জলপথ পরিবহণ ব্যবস্থার উন্নয়নে
রাজ্যে আরও পাঁচটি আধুনিক ফেরি টার্মিনাল তৈরি হচ্ছে। প্রায় ২২৮ কোটি টাকা ব্যয়ে রাজ্য সরকার পাঁচটি ফেরি টার্মিনাল তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে। রাজ্য পরিবহণ দফতর সুত্রে খবর, টার্মিনালগুলি গঙ্গা বা হুগলি নদীর তীরে চুঁচুড়া, হাওড়া, নাজিরগঞ্জ, পানিহাটি এবং মিলেনিয়াম পার্ক সংলগ্ন শিপিং ঘাটে তৈরি করা হবে। রাজ্য পরিবহন পরিকাঠামো উন্নয়ন নিগম লিমিটেড বা WBTIDCL এবং বিশ্ব ব্যাংকের আর্থিক সহযোগিতায় এই টার্মিনাল গুলি তৈরি করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। প্রস্তাবিত টার্মিনালগুলিতে টিকিট কাউন্টার, প্রশস্ত প্রতীক্ষালয়, লিফট, এস্কেলেটর, মাতৃদুগ্ধপান কক্ষ, দোকান, চার্জিং পয়েন্ট, শৌচাগার এবং ভিউয়িং গ্যালারিসহ রেস্তোরাঁ থাকবে। বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্যও থাকবে উপযুক্ত ব্যবস্থা। এই নয়া প্রকল্পের ক্ষেত্রে নদীপাড় সংরক্ষণের বিষয়টি মাথায় রেখে পরিবেশের ভারসাম্য বজায় রাখার বিষয়ে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। ঠিক করা হয়েছে নির্মাণকাজ চলাকালীন কোনো গাছ কাটা হবে না এবং হুগলি নদীর তীরবর্তী সবুজ পরিবেশ রক্ষা করা হবে। এছাড়া, গঙ্গার ডলফিন (যা গ্যাংগেটিক ডলফিন অথবা শুশুক প্রজাতি) রক্ষার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিভাগীয় আধিকারিকরা জানিয়েছেন।
