পহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর তীব্র কূটনৈতিক প্রতিক্রিয়ায় সরব হয়েছে ভারত। বুধবার গভীর রাতে নয়াদিল্লিতে তলব করা হয় ভারতে নিযুক্ত পাকিস্তানের শীর্ষ কূটনীতিক সাদ আহমেদ ওয়ারাইচকে। তাঁর মাধ্যমে ইসলামাবাদকে জানিয়ে দেওয়া হয় কড়া বার্তা—সন্ত্রাসের আশ্রয়দাতাদের আর ছাড় দেওয়া হবে না।
পাশাপাশি একগুচ্ছ কড়া সিদ্ধান্ত নেয় ভারত সরকার। ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তানি কূটনীতিকদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে পাকিস্তানি নাগরিকদের ভিসা। পাঞ্জাবের আর্টারি সীমান্ত সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের স্টাফ সংখ্যা কমিয়ে আনা হয়েছে।
এরই মধ্যে কাশ্মীরের বৈসরনে চালানো গণহত্যার তদন্তে নামে এনআইএ। ফরেনসিক দল তথ্যপ্রমাণ সংগ্রহ করছে। পুরো অঞ্চল ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তা বলয়ের মধ্যে।
এই ঘটনার পর দুদেশের মধ্যে শুধু কূটনৈতিক সম্পর্ক নয়, অর্থনৈতিক লেনদেনও অনিশ্চয়তার মুখে। একই সঙ্গে ইসলামাবাদে ডাকা হয়েছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক। পহেলগাঁওয়ের রক্তাক্ত হামলার পর উপমহাদেশে ছড়িয়ে পড়েছে কূটনৈতিক উত্তেজনা।
