পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ভারত একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। তার মধ্যে একটি সিদ্ধান্ত হল অটারী-ওয়াঘা সীমান্ত বন্ধ। বৈধ অনুমোদন নিয়ে যাঁরা অটারী সীমান্ত পেরিয়েছেন, ১ মে-র আগে তাঁদেরও ফিরে আসার নির্দেশ দিয়েছে কেন্দ্র। কেন্দ্রের এহেন সিদ্ধান্তে মহা ঝামেলায় পড়েছেন রাজস্থানের যুবক শয়তান সিংহ।
পাকিস্তানে বিয়ে ঠিক হয়েছিল রাজস্থানের বাসিন্দা শয়তানের। বৃহস্পতিবারই ছিল বিয়ে। বিয়ে করতে অমৃতসরের অটারী সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে যাওয়ার কথা তাঁর। ছিল বৈধ অনুমতি। কিন্তু পহেলগাঁও হত্যাকাণ্ডের কারণে বদলে গিয়েছে সেই পরিস্থিতি। বন্ধ করে দেওয়া হয়েছে অটারী সীমান্ত। যার কারণে অনিশ্চিত হয়ে গেল শয়তানের বিয়ে করতে যাওয়া। তবে নিজের বিয়ের চেয়ে দেশ যে আরও বড় তাঁর কাছে কথা নিজেই জানিয়েছেন তিনি। শয়তান জানান,”জঙ্গিরা যা করেছে তা অন্যায়। আমার বিয়ে ছিল। কিন্তু বাধা এসে গিয়েছে। যেতে পারব না। কিন্তু কী করা যাবে। সরকার ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছে। এখন দেখা যাক কী হয়।”
শয়তানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই অনেকে অনেক রকম মন্তব্য করছেন। কেউ কেউ যুবককে ধৈর্য ধরার জন্য বলেছেন। প্রসঙ্গত, অমৃতসর থেকে মাত্র ২৮ কিলোমিটার দূরে ভারতের প্রথম স্থলবন্দর অটারী। পাকিস্তানের সঙ্গে স্থলপথে ওই একটি মাত্র রাস্তা দিয়ে বাণিজ্যের অনুমতি পায় ভারত। এক নম্বর জাতীয় সড়কের সঙ্গে সরাসরি যুক্ত অটারী ভারত-পাকিস্তান বাণিজ্যের অন্যতম পথ। আফগানিস্তান থেকে পণ্য আমদানির ক্ষেত্রেও অটারী সীমান্ত খুবই গুরুত্বপূর্ণ। এই সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় ভারত-পাকিস্তানের বাণিজ্যে যথেষ্ট প্রভাব পড়তে চলেছে। ভারত সরকারের এই সিদ্ধান্তের কারণে পাকিস্তান বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
