পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে পাকিস্তানের ভূখণ্ডে অনিচ্ছাকৃতভাবে ঢুকে পড়ায় এক বিএসএফ জওয়ানকে আটক করে রেখেছে পাক সেনা।বুধবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে বলে সেনা সূত্রে জানানো হয়েছে। ১৮২তম বিএসএফ ব্যাটালিয়নের কনস্টেবল পিকে সিংহ নামক ওই জওয়ান ভারত-পাক সীমান্ত সংলগ্ন এক কৃষিজমির কাছে কর্তব্যরত অবস্থায় ছিলেন। নিয়মিত টহলের সময় ভুল করে সীমান্তের কাঁটাতারের বেড়া অতিক্রম করে তিনি পাকিস্তানি ভূখণ্ডে ঢুকে পড়েন। এরপরই ফিরোজপুর সীমান্তে পাকিস্তান রেঞ্জার্স তাকে আটক করে।
জানা গেছে ওই সময় পিকে সিংহ সেনার পোশাক পরে ছিলেন এবং তাঁর কাছে ছিল সার্ভিস রাইফেল। তিনি কিছু কৃষকের সঙ্গে ছিলেন এবং একটু বিশ্রাম নেওয়ার জন্য ছায়ায় এগিয়ে গিয়েছিলেন, তখনই পাকিস্তানি সেনারা তাকে আটক করে। ওই ভারতীয় জওয়ানকে দেশে ফিরিয়ে আনতে পাকসেনার সঙ্গে ফ্ল্যাগ মিটিংয়ে বসেছে বিএসএফ। সূত্রের খবর, এখনও পর্যন্ত তাকে ফেরত দেওয়া হয়নি, তবে তার নিরাপদ এবং দ্রুত প্রত্যাবর্তনের জন্য দুই পক্ষই চেষ্টা চালিয়ে যাচ্ছে।
জম্মু ও কাশ্মীরের পাহেলগাঁওয়ে জঙ্গি হামলার জেরে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে ঠেকেছে।জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছে।২০১৯ সালের পুলওয়ামা হামলার পর এটিই কাশ্মীর উপত্যকার সবচেয়ে ভয়াবহ হত্যাকাণ্ড। সন্ত্রাসহানায় স্পষ্ট পাক যোগ থাকায় বুধবার বিশেষ বৈঠক করে পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে ভারত। বৃহস্পতিবার পাল্টা বেশকিছু ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ইসলামাবাদ।এই টানাপোড়েনের জেরে এই সাধারণ সীমান্ত ঘটনার সমাধানও কিছুটা জটিল হয়ে উঠেছে।
আটকের পর, ভারতীয় সেনাবাহিনী এবং পাকিস্তান রেঞ্জার্স- উভয় পক্ষের কর্তারা বিষয়টি সমাধানের জন্য এবং আটক সেনার মুক্তি নিশ্চিত করার জন্য বৈঠক চালাচ্ছেন। সূত্র জানিয়েছে, আলোচনা চলছে।এখনও পর্যন্ত তাকে ফেরত দেওয়া হয়নি, তবে তার নিরাপদ এবং দ্রুত প্রত্যাবর্তনের জন্য চেষ্টা চালানো হচ্ছে।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
