ভারতসেরা লাল-হলুদ মহিলা দল, ৫০ লাখ অর্থসাহায্য মুখ্যমন্ত্রীর
সুদীপ্ত চট্টোপাধ্যায়
জাতীয় মহিলা ফুটবলে ভারত সেরা হয়ে শতবর্ষের ইস্টবেঙ্গল ক্লাবকে গরিমা এনে দিয়েছেন মহিলা ফুটবলাররা। শতবর্ষের ইস্টবেঙ্গল এর এই গৌরবময় অধ্যায় মহিলা ফুটবলারদের এই কৃতিত্বে শতায়ু ইস্টবেঙ্গল ক্লাবের মহিলা খেলোয়াড়দের উন্নয়নে ৫০ লাখ টাকা আর্থিক সাহায্য দিল রাজ্য সরকার। আজ কলকাতার রবীন্দ্র সদনে ‘শতবর্ষে ইস্টবেঙ্গল’ নামে একটি তথ্যচিত্রের উদ্বোধন এবং সুভিনিয়ার প্রকাশ অনুষ্ঠানে ক্লাব কর্তৃপক্ষের হাতে এই আর্থিক সাহায্যে তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে গৌরবময় এই অনুষ্ঠানে পারফরমেন্সের তুলনামূল্য বিচার করে কিছুটা ছন্দে ব্যাঘাত ঘটান মুখ্যমন্ত্রী নিজেই। সম্প্রতি আইএসএল-এ ভারতসেরা হওয়ার পাশাপাশি কলকাতার শতবর্ষ প্রাচীন ক্লাব মোহনবাগান যে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে সেই অনুযায়ী ইস্টবেঙ্গল ক্লাব কেন পিছিয়ে পড়ছে? এই প্রশ্ন তুলে লাল হলুদ শিবিরের ক্লাব কর্তৃপক্ষ থেকে স্পন্সরশিপের দায়িত্বে থাকা কর্তা ব্যক্তিদেরও একহাত নেন মুখ্যমন্ত্রী। ” খেলাধুলার উন্নয়নের জন্য সঠিক খেলোয়ার নির্বাচন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এতে ক্লাবের যেমন উন্নতি হয় তেমনি খেলারও উন্নতি হয়। সবচেয়ে বড় কথা খুশি হন সমর্থকরা যারা ক্লাবের প্রাণ। আর ক্লাবের উন্নয়নের জন্য ক্লাব কর্তাদের বাড়তি দায়িত্ব নিতে হবে। যারা স্পন্সর করছেন তাদেরকেও বুঝতে হবে যে ভালো খেলোয়াড়ের পিছনে আপনাদের ছুটতে হবে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। ভালো খেলোয়াড় না পেলে ভালো খেলা হবে কি করে?”। এদিন রবীন্দ্রসদনে ‘শতবর্ষে ইস্টবেঙ্গল’ নামে একটি তথ্যচিত্রের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী আরো বলেন ” ইস্টবেঙ্গল ক্লাব কে এখন থেকেই অ্যাকশন প্ল্যান তৈরি করতে হবে। ভালো ব্র্যান্ডিং এবং পরিকল্পনা তৈরীর কাজ ১০০ বছরে না পারলে ২০০ বছরে কি করবেন?” মোহনবাগানের সাফল্যের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তাদের যেমন সমালোচনা করেন পাশাপাশি তিনি মহমেডান ক্লাব আইএসএল-এ অন্তর্ভুক্ত হওয়ার কারণে শুভেচ্ছাও জানান। কলকাতা তিন প্রধান যে শুধু বাংলার নয় দেশের ফুটবলের গর্ব তাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। ইস্টবেঙ্গলের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা ” লড়াই টাকে লড়াই এর মত করতে হবে। আপনাদের করে দেখাতে হবে। আমার দৃঢ় বিশ্বাস আপনারা একদিন জয় করবেন। এই বিশ্বাস নিয়েই আপনারা মাঠে নামুন।”
