পহেলগাঁওয়ে হামলার জেরে কেন্দ্রের ডাকা সর্বদলীয় বৈঠকে যোগ দিয়ে উদ্ভূত পরিস্থিতিতে কেন্দ্র যে পদক্ষেপ করুক তাতে বিরোধীদের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।তিনি জানিয়েছেন, “পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার নিন্দা সবাই করেছে। সরকার যা পদক্ষেপ নেবে, বিরোধী পক্ষ সম্পূর্ণভাবে সমর্থন জানিয়েছে।” হিন্দুস্থান টাইমসের রিপোর্ট অনুযায়ী কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানান, সমস্ত রাজনৈতিক দলই হামলার তীব্র নিন্দা করেছে এবং জম্মু ও কাশ্মীরে শান্তি রক্ষার ওপর জোর দিয়েছে। তিনি বলেন, “সব দল হামলার নিন্দা করেছে। আমরা বলেছি, জম্মু-কাশ্মীরে শান্তি বজায় রাখতে উদ্যোগ নিতে হবে।” এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং বলেন, হামলার দায় নির্ধারণ জরুরি।
তিনি বলেন, “পুরো দেশ এখন শোকাহত, ক্ষুব্ধ। দেশ চায়, সন্ত্রাসবাদীদের ভাষাতেই তাদের জবাব দিক সরকার। যেভাবে নিরীহ মানুষদের হত্যা করা হয়েছে, তাদের ক্যাম্প ধ্বংস করা হোক, পাকিস্তানের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া হোক। আমরা দাবি জানিয়েছি, দায় নির্ধারণ হোক, এবং কেন নিরাপত্তায় গাফিলতি ঘটল, তার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক।”
বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদ ভবনে সর্বদল বৈঠকে বসে নরেন্দ্র মোদীর সরকার। কেন্দ্রের ডাকা সর্বদলীয় বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই বৈঠকের সভাপতিত্ব করেন। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। যদিও প্রধানমন্ত্রী মোদী ছিলেন না বৈঠকে। ‘ইন্ডিয়া টুডে’ সূত্রকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী রুদ্ধদ্বার ওই বৈঠকে গোয়েন্দা-ব্যর্থতার কথা স্বীকার করে নিয়েছে কেন্দ্র। বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী রিজিজুও জানান, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে প্রতিটি দলের থেকেই পাশে থাকার আশ্বাস পেয়েছে কেন্দ্র।তিনি জানান, এদিনের বৈঠকে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ ও সরকারের শীর্ষ আধিকারিকরা সংসদের সদস্যদের বিস্তারিত জানিয়েছেন। কোথায় ত্রুটি হয়েছিল এবং কী পরিস্থিতিতে এই হামলা ঘটেছে তা জানানো হয়েছে। গোটা দেশ এই কঠিন সময়ে একজোট রয়েছে। কেন্দ্র সরকার সরকার ইতিমধ্যে পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিল, ইন্দাস জল চুক্তি স্থগিত, এবং আটারি সীমান্ত বন্ধের মতো নানা পদক্ষেপ করেছে।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
