পহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন নিরপরাধ মানুষের প্রাণহানির পরে দেশজুড়ে প্রতিশোধের দাবিতে উত্তাল জনমত। এই আবহে ভারতের পাল্টা পদক্ষেপ একের পর এক নজির গড়ছে। কূটনৈতিক স্তরে সিন্ধু চুক্তি স্থগিতের পাশাপাশি আটারি সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশও জারি করেছে নয়াদিল্লি।
ঠিক এই সময়ে ভারতীয় নৌসেনার একটি দৃপ্ত পোস্ট নতুন করে আলোড়ন তুলেছে। এক্স (পূর্বতন টুইটার)-এ পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, সমুদ্রের বুকে সারিবদ্ধ পাঁচটি যুদ্ধজাহাজ। ক্যাপশনে লেখা — ‘Power in unity; Presence with Purpose’, সঙ্গে হ্যাশট্যাগ — #MissionReady #AnytimeAnywhereAnyhow। অনেকেই মনে করছেন, এটি পাকিস্তানের উদ্দেশে ভারতের শক্তির এক নিঃশব্দ অথচ জোরালো বার্তা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, পহেলগামে ঘটে যাওয়া নৃশংসতার প্রত্যুত্তর ভারত দেবে। দেশের অভ্যন্তরে খোঁজখবর শুরু হয়েছে। কাশ্মীরের নানা প্রান্তে তল্লাশি অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে জঙ্গিদের আস্তানা। পহেলগাঁও হামলায় জড়িতদের বাড়ি ইতিমধ্যেই ধ্বংস করেছে ভারতীয় সেনাবাহিনী।
অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন, নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে। সমস্ত দিক থেকেই এখন ভারত স্পষ্ট করে দিয়েছে প্রত্যাঘাত যে কোনও মুহূর্তে আসতে পারে।
ভারতীয় নৌসেনার এই ছবি আর বার্তা তাই শুধু একটি পোস্ট নয় ! এটি যেন এক দৃঢ় সংকল্পের ঘোষণা। এখন শুধু সময়ের অপেক্ষা, কখন বেজে উঠবে পাল্টা প্রত্যাঘাতের দামামা।
