দীঘা জুড়ে এখন যেন সাজো সাজো রব। দীঘার জগন্নাথ মন্দির নিয়ে রীতিমত তুঙ্গে প্রস্তুতি। হাতে গোনা আর মাত্র ক’টা দিন পরই উদ্বোধন হতে চলেছে দীঘার প্রভু জগন্নাথ মন্দিরের। আগামী ৩০ এপ্রিল, অক্ষয় তৃতীয়ার শুভ দিনেই দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। গোটা দিঘা রঙিন আলোর রোশনাইয়ে সেজে উঠেছে চন্দননগর থেকে আনা রংবাহারি আলোয়। জগন্নাথ থেকে গৌরাঙ্গের ছবি ফুটিয়ে তোলা হয়েছে রঙিন আলোয়। মন্দিরের সামনেও দেখা গেছে গাছে গাছে রঙিন আলোর ঝলকানি।
আগামী ৩০ এপ্রিল দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প বলে কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছেন যে, ২৯ তারিখ হতে চলেছে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা। পরের দিন,অর্থাৎ ৩০ এপ্রিল দুপুর ২টো ৩০ মিনিটে মন্দিরের উদ্বোধন হবে। ৩ টে ১০ মিনিটে নিয়ম মেনে দ্বারোদ্ঘাটন করা হবে। উপস্থিত থাকবেন পুরীর রাজেশ দৈত্যাপতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিন মন্দিরে সোনার ঝাঁটা দেবেন।
ইতিমধ্যে মন্দিরের যাবতীয় আচারবিধি পালনের জন্য পুরীর রাজেশ দৈত্যাপতি ও ইসকন কর্তা রাধারমণ দাসকে দায়িত্ব অর্পণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো তাঁরা যাবতীয় যজ্ঞপর্ব দাঁড়িয়ে থেকেই পরিচালনা করেছেন। জানা গিয়েছে যে, ২৯ তারিখ পর্যন্ত চলবে এই যজ্ঞপর্ব। সেদিন শেষ দফার যজ্ঞের পর ফুলের বিছানায় শয়ানে পাঠানো হবে প্রভু জগন্নাথকে। বিভিন্ন ধরনের মিষ্টান্ন অর্পণ করা হবে প্রভু জগন্নাথের আগমনের উদ্দেশ্যে।
এরপর আগামী ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিনেই সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত। সেদিন হবে প্রভুর অভিষেক ও প্রাণপ্রতিষ্ঠা। নতুন বস্ত্রে সাজবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। ঐদিনের দুপুর থেকেই প্রভু জগন্নাথ দেবকে দেওয়া হবে ৫৬ ভোগ। সব মিলিয়ে দীঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা এখন শুধু সময়ের অপেক্ষা।
