আইনি জটে OMR প্রকাশ নিয়ে পর্ষদ-এসএসসির ফের স্বস্তি
সুদীপ্ত চট্টোপাধ্যায়
আইনি জটিলতাতেই আপাতত আদালত অবমাননা থেকে ফের সাময়িক স্বস্তি এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের।
এখনই ২২ লাখ OMR প্রকাশ করতে হচ্ছে না কমিশনকে। বেতন ফেরতের ইস্যুও ঝুলে রইল হাইকোর্টে। গতদিনের শুনানির পর
আজ বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহ: শব্বার রাশিদির ডিভিসন বেঞ্চে ফের আদালত অবমাননার শুনানি হয় সোমবার। রাজ্যের আইনজীবী পার্থসারথি সেনগুপ্ত প্রশ্ন তোলেন সুপ্রিমকোর্টে মামলা বিচারাধীন থাকলে সেই মামলায় হাইকোর্টে আদালত অবমাননার মামলা হয় কিভাবে? বম্বে হাইকোর্টের নির্দেশের কপি আদালতকে দেন আইনজীবি। একই সুরে
স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী সপ্তাংশু বসু বলেন হাইকোর্ট আদালত অবমাননার মামলা এই মুহুর্তে শুনতে পারে না। পাল্টা জবাব হিসেবে মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, “নির্দেশটা কার্যকর করা হচ্ছে কিনা আইন অনুযায়ী সেটাই বিবেচ্য। শীর্ষ আদালতে মামলা বিচারাধীন থাকলেও মুল নির্দেশটা ছিল হাইকোর্টেরই।” বিচারপতি দেবাংশু বসাক জানতে চান সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশের বেশ কিছু পরিবর্তন করেছে, আবার নির্দেশের বেশ কিছু জায়গায় হস্তক্ষেপও করেনি। তার মানে কি হাইকোর্ট বা সুপ্রিমকোর্ট দুটি আদালতেই অবমাননার মামলা করা যায়?
বিকাশরঞ্জনের উত্তর ” কেউ যদি হাইকোর্টের কাছে আবেদন করে সে করতেই পারে।” বিভিন্ন আদালতের নির্দেশের কপি এদিন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে তুলে দেন মামলাকারীর আইনজীবী। অর্থাৎ, আদালত অবমাননার মামলার শুনানি কোন আদালতে হবে, হাইকোর্ট না সুপ্রিম কোর্টে? এই প্রশ্নের আইনি নিষ্পত্তি সোমবারও করতে পরল না বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। আগামী পয়লা মে ফেরএই মামলার শুনানি হবে। সেদিন মামলাকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পাল্টা জবাব দেবে রাজ্য।
