অভিজিৎ বসু
কাশ্মীরের ঘটনায় উদ্বিগ্ন গোটা দেশ। এখনই এক সেনা পাক রেঞ্জার্সদের কবলে রয়েছে। উৎকন্ঠায় রয়েছে সমস্ত দেশবাসী। এই পরিস্থিতিতে বিজেপির বড় সিদ্ধান্ত সামনে এলো। সারাদেশ জুড়ে বিজেপির সাংগঠনিক নির্বাচন চলছে। আর চলছে বিভিন্ন রাজ্যের সভাপতি নির্বাচন। কাশ্মীরের এই পরিস্থিতিতে আপাতত বিজেপির সর্ব ভারতীয় সভাপতি নির্বাচন স্থগিত করে দিলো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
তাই বিজেপির সর্ব ভারতীয় সভাপতি থেকে যাচ্ছেন জগৎ প্রকাশ নাড্ডা। প্রসঙ্গত কাশ্মীরের পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সভার বৈঠক থেকে প্রধানমন্ত্রী থেকে দলের প্রায় প্রত্যেকেই এই পরিস্থিতির দিকে নজর রাখছেন। আর তাই এখন কোনো নির্বাচন আর হবে না সেটাই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তরফে খবর।তাই সেইমত এই রাজ্যেরও বিজেপির সভাপতি বদলও এখন প্রায় বন্ধই থাকবে বলে মনে করছেন অনেকে।রাজ্যের বিজেপির সভাপতি রয়েছেন সুকান্ত মজুমদার। যেহেতু তিনি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তাই তিনি সভাপতি পদে থাকবেন কিনা সেটা নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। সেই মত দলের নিয়ম অনুযায়ী চলছিল নির্বাচন। হয়ে গেছে মন্ডল সভাপতি থেকে জেলা সভাপতি নির্বাচনও। নাম ঘোষণা হয়ে গিয়েছে প্রায় সব জায়গায়। প্রসঙ্গত বিজেপির কেন্দ্রীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার মেয়াদ ও শেষ হয়ে গিয়েছে। তিনিও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। তাই এক ব্যক্তি এক পদের নিয়ম ও দলের পরিকাঠামো অনুযায়ী নির্বাচনের প্রয়োজনীয়তা হয়ে পড়েছিল। কিন্তু বাদ সাধলো কাশ্মীরের এই উদ্বুত পরিস্থিতি। তাই আপাতত সমস্ত রকমের সাংগঠনিক নির্বাচন স্থগিত রাখা হলো বলেই সূত্রের খবর।কবে ফের নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে তাও দলের তরফে জানানো হয়নি। এখন দলের নেতাদের চোখ কাশ্মীরের দিকে। যে কাশ্মীরের ঘটনা নিয়ে দেশের সরকার বেশ চাপে আছে। আর তাই দলের এই সংগঠনের রদবদলকে গুরুত্ব না দিয়ে এখন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব কাশ্মীরকে প্রাধান্য দিতে চাইছে।
