পড়শি দুই দেশের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আলাদাভাবে কথা বললেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে। কথা বলার সময় পাহেলগাঁও হামলার তীব্র নিন্দা জানান তিনি। রাষ্ট্রসংঘের বিবৃতিতে বলা হয়েছে, ফোনে গুতেরেস আইনের পথে থেকে হামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া চালিয়ে যাওয়ার কথা বলেছেন।
পাহেলগাঁও হামলার পর ক্রমেই চড়ছে ভারত-পাকিস্তান উত্তেজনার পারদ। এর মধ্যেই রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে ফোনে কথা বলার সময় পাকিস্তান দাবি করেছে, তাদের কাছে “বিশ্বস্ত গোয়েন্দা তথ্য” রয়েছে, যার ভিত্তিতে তারা জেনেছে ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানের ওপর সামরিক হামলা চালাতে পারে। হিন্দুস্থান টাইমস এই তথ্য দিয়েছে।
এক্স-এ পোস্ট করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, তিনি রাষ্ট্রসংঘের মহাসচিবের সঙ্গে কথা বলেছেন এবং পাহেলগাঁও ঘটনার একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবিতে আবেদন জানিয়েছেন।তিনি লেখেন, “আজ সন্ধ্যায় রাষ্ট্রসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে ফোনে কথা হয়েছে। আমি সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের অবস্থান পুনরায় জানাই, ভারতের ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করি এবং পাহেলগাঁও ঘটনার একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাই। আমি রাষ্ট্রসংঘকে অনুরোধ করেছি কাশ্মীর ইস্যুর সমাধানে নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী ভূমিকা নেওয়ার জন্য। শান্তিতে বিশ্বাসী পাকিস্তান, কিন্তু সার্বভৌমত্বে আঘাত এলে পূর্ণ শক্তিতে জবাব দেবে।”
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক্স -এ লেখেন, “পাকিস্তানের কাছে নিশ্চিত গোয়েন্দা তথ্য রয়েছে যে ভারত সম্পূর্ণ ভিত্তিহীন ও বানানো অভিযোগের ভিত্তিতে পাহেলগাঁও ঘটনার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে আগামী ২৪-৩৬ ঘণ্টার মধ্যে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে।”
ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করও ফোনালাপের বিষয়ে এক্স-এ পোস্ট করে জানান, “@UN SG @antonioguterres-এর ফোন পেয়ে ভালো লাগল। পাহেলগাঁওয়ে জঙ্গি হামলার বিরুদ্ধে তাঁর স্পষ্ট অবস্থানকে ধন্যবাদ জানাই। হামলাকারী, পরিকল্পনাকারী এবং মদতদাতাদের বিচারের আওতায় আনার ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”
রাষ্ট্রসংঘের মুখপাত্র স্টিফেন দুজাররিক জানান, “মঙ্গলবার সকালে মহাসচিব এস. জয়শঙ্কর ও শাহবাজ শরিফের সঙ্গে ফোনে কথা বলেন। তিনি পাহেলগাঁও হামলার তীব্র নিন্দা করেন এবং আইনত পথে ন্যায়বিচার নিশ্চিত করার ওপর জোর দেন।” এই পরিস্থিতিতে আগামী কয়েক দিনে ভারত-পাকিস্তান সম্পর্কে কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
