দেবরাজ হালদার
কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। শুক্রবার র টেকনোপলিসের কাছে একটি কারখানায় আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় বিস্তীর্ণ এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন। জানা গিয়েছে, যে জায়াগায় আগুন লেগেছে সেটি একটি হলোগ্রাম তৈরির সংস্থার কারখানা। তাই সেখানে মজুত ছিল বিপুল পরিমাণে কেমিক্যাল। আর তাতেই দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। পাশাপাশি আগুন লাগার সাথে সাথেই বিস্ফোরণের শব্দ পাওয়া যায় কারখানার বাইরে থেকে। সেইজন্য আগুন যাতে দ্রুত ছড়িয়ে না পড়ে প্রথম থেকেই পরিস্থিতি সামাল দিতে থাকে দমকল বাহিনী। তবে স্বস্তির বিষয় শুক্রবার আগুন লাগার ঘটনায় কোন হতাহতের খবর সামনে আসেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, সেক্টর ফাইভের কেন্দ্রীয় আয়ুর্বেদ গবেষণা কেন্দ্রে ঠিক পাশেই ছিল রাসায়নিক কারখানাটি। কারখানাটিতে প্রচুর পরিমানে দাহ্য পদার্থ উপস্থিত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পাশের আয়ুর্বেদ কেন্দ্রে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রথমে আগুন কারখানাটির তিন তলায় ছড়িয়ে পড়ে । সেই আগুন দমকলকর্মীরা নেভাতে সক্ষম হন তার কিছুক্ষণ পরে দ্বিতলে ফের আগুন লেগে যায় এবং বেশ কয়েকটি বিস্ফোরণও হয়। মজুদ ছিল প্রচুর সিলিন্ডার সেখানেই গ্যাসের সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয় বলে জানা যায় ।
সূত্রের খবর, ওই কারখানার মধ্যে দাহ্য পদার্থ একেবারে ঠাসা ছিল। তাই সেখানে দ্রুত দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। আগুন নেভাতে গিয়ে হিমশিম খেতে হয় দমকল বাহিনীকে। অন্যদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু এবং বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ। দমকল মন্ত্রী জানিয়েছেন, দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেছেন। পরিস্থিতি খতিয়ে দেখে নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ।বলা বাহুল্য, কিছুদিন আগে মেছুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছিল।এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের কলকাতায় ঘটল অগ্নিকাণ্ডের ঘটনা।
