দিব্যেন্দু মজুমদার, হুগলি
স্ত্রীর সঙ্গে ডাক্তার দেখাতে এসে হঠাৎই হারিয়ে যান বৃদ্ধ স্বামী। শেষ পর্যন্ত মানসিকভাবে অসুস্থ ওই বৃদ্ধকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে মানবিকতার নজির স্থাপন করল হুগলি জেলা গ্রামীণ পুলিশ। মঙ্গলবার হুগলির হরিপাল থানা এলাকার নালিকুল বাজার সংলগ্ন ১৪ নম্বর রেলগেটের কাছে দিশাহীন ভাবে ঘুরে বেড়াতে দেখা যায় বছর ৬৫-র এক বৃদ্ধকে। প্রথমে বিষয়টি নজরে আসে স্থানীয় মানুষের। বৃদ্ধের পোশাক-আশাক দেখে স্থানীয় মানুষের সন্দেহ হয়। এরপর তারাই হরিপাল থানায় খবর দিলে পুলিশ এসে ওই বৃদ্ধকে উদ্ধার করে হরিপাল থানায় নিয়ে যায়।
পুলিশ ওই বৃদ্ধের সঙ্গে কথা বলে তার হাফভাব ও আচরণ দেখে বুঝতে পারে তিনি মানসিকভাবে অসুস্থ। পুলিশ অত্যন্ত সহানুভূতির সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদের পর জানতে পারে ওই বৃদ্ধের নাম শিলাদিত্য সাহা(৬৫)। বাড়ি বীরভূম জেলার সাঁইথিয়া থানার মোহাইপুর পোস্ট অফিসের অজয়গোপা গ্রামে। এরপর হুগলি জেলা গ্রামীণ পুলিশের পক্ষ থেকে সাঁইথিয়া থানার মাধ্যমে ওই বৃদ্ধের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। খবর পেয়ে তড়িঘড়ি দুপুরের দিকে ওই বৃদ্ধের ভাই বীরভূম থেকে হরিপাল থানায় ছুটে আসেন। তারপরই জানা যায় যে ওই বৃদ্ধ মানসিকভাবে অসুস্থ। এদিন তিনি তার স্ত্রীর সঙ্গে বর্ধমানে ডাক্তার দেখাতে এসেছিলেন। এরপর ডাক্তার দেখিয়ে বর্ধমান স্টেশনে এসে স্ত্রীর অজান্তে ভুল করে কর্ড লাইন শাখার হাওড়াগামী লোকাল ট্রেনে উঠে পড়েন শিলাদিত্য বাবু। তারপর হঠাৎই একের পর এক অজানা স্টেশন পার হয়ে যেতে দেখে রীতিমতো ভীত সন্ত্রস্ত হয়ে কামারকুন্ডু স্টেশনে নেমে পড়েন। এরপর ভবঘুরের মত ঘুরতে ঘুরতে তিনি নালিকুল পৌঁছান। এতটাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন ওই বৃদ্ধ যে তিনি রীতিমতো দিশাহীনভাবে নালিকুল বাজার সংলগ্ন ১৪ নম্বর রেলগেটের কাছে ঘুরে বেরাচ্ছিলেন। তখনই স্থানীয় মানুষের নজরে পড়ে বিষয়টি। তারাই পুলিশে খবর দিলে পুলিশ ওই বৃদ্ধকে উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দেয়।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
