দিব্যেন্দু মজুমদার, হুগলি
অবৈধ নির্মাণের বিরুদ্ধে সারা রাজ্য জুড়ে ব্যবস্থা নেওয়া শুরু করেছে প্রশাসন। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে মঙ্গলবার উত্তরপাড়া কোতরং পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে শিবতলা স্ট্রিটে একটি আবাসনের ছয় তলার অবৈধ নির্মাণ ভেঙে দিল পুরসভা। অভিযোগ উঠেছিল ওই আবাসনের ছয় তলার উপর অবৈধভাবে একটি ফ্ল্যাট নির্মাণ করে প্রোমোটার কাকলি সেনগুপ্ত নামে এক মহিলাকে বিক্রি করে দেন।
এই অবৈধ নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদে সরব হন ওই আবাসনের অন্যান্য বাসিন্দারা। পরবর্তীকালে ওই বাসিন্দারা এই বিষয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। সমস্ত দিক বিচার করে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ওই অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেয়। ওই ফ্ল্যাট যিনি কিনেছিলেন সেই কাকলি সেনগুপ্ত এরপর সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপিল করেন। গত বছর সেপ্টেম্বরে ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের ওই রায়কেই বহাল রাখে। এরপরই স্থানীয় কোতরং পুরসভা উদ্যোগ নিয়ে হাইকোর্টের নির্দেশ মেনে মঙ্গলবার ওই অবৈধ নির্মাণ ভেঙে দেয়। এদিন পুরসভার ইঞ্জিনিয়ার ও উত্তরপাড়া থানার পুলিশের উপস্থিতিতে ছয় তলার ওই অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়। পুরসভার এই উদ্যোগকে এলাকার মানুষ স্বাগত জানিয়েছেন। ওই আবাসনেরই এক দোকানদার হেমন্ত ঘোষ জানান উত্তরপাড়ার বিভিন্ন আবাসনে এই ধরনের অবৈধ নির্মাণ আছে। স্থানীয় বাসিন্দারা জানান পুরসভাকে অন্ধকারে রেখে অনেক প্রোমোটারই এই ধরনের অবৈধ নির্মাণ করছে। অন্যদিকে এদিন ওই অবৈধ নির্মাণ ভাঙার সময় ফ্ল্যাটের বাসিন্দা কাকলি সেনগুপ্ত উপস্থিত ছিলেন না। আবাসনের অন্যান্য আবাসিকরা জানান কয়েকদিন আগেই তিনি ফ্ল্যাট ছেড়ে অন্যত্র চলে গেছেন। এই বিষয়ে উত্তরপাড়া কোতরং পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব জানান হাইকোর্টের নির্দেশ মেনে উত্তরপাড়া কোতরং পুরসভা আইন মাফিক ব্যবস্থা গ্রহণ করেছে।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
