সুদীপ্ত চট্টোপাধ্যায়
ফের সার্জিক্যাল স্ট্রাইক। ফের পাকিস্তানের ভিতরে ঢুকে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়ে প্রত্যাঘাত ভারতীয় সেনার। তার চেয়েও গুরুত্বপূর্ণ ২৬/১১-র বদলা। ‘অপারেশন সিঁদুর’ যে নয়টি পাক মদতপুষ্ট জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে তার মধ্যে রয়েছে মুম্বই হামলার অন্যতম চক্রী আজমল কসাভ এর প্রশিক্ষণ কেন্দ্রও। লাহোর থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে মুরিদকে এলাকায় লস্কর-ই-তৈবার এই জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রটি গতকালের সার্জিক্যাল স্ট্রাইকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই জঙ্গি ঘাঁটিতেই মুম্বই হামলার আগে আজমল কসাভ ও তার সঙ্গী ডেভিড হেডলিকে প্রশিক্ষণ দিয়েছিল লস্করের শীর্ষ জঙ্গি নেতারা। অন্যদিকে, ভারতীয় হামলায় তাঁর পরিবারের ১০ সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছেন জয়েশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহার। এক বিবৃতে মাসুদ জানিয়েছেন, নিহতদের মধ্যে রয়েছেন মাসুদের বোন ও তার স্বামী এবং মারা গিয়েছেন মাসুদের ভাগ্নে ও তার স্ত্রী এবং এক ভাগ্নী। ভারতীয় সেনার অপারেশনে মাসুদের চার ঘনিষ্ঠও মারা গেছে বলেও জানা গেছে।
গতকাল রাত ১ টা থেকে দেড়টার মধ্যে পাক সীমান্ত থেকে পাকিস্তানের ১০০ কিলোমিটার ভিতরে ঢুকে এই অপরেশন চালায় ভারতীয় যুদ্ধবিমানগুলি বলে সেনার তরফে জানানো হয়েছে। অপারেশন সিঁদুরের মাধ্যমে ৯ জায়গায় জঙ্গিঘাঁটিগুলি সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে যা গত তিন দশক ধরে ওই এলাকায় তৈরি করেছে পাক মদতপুষ্ট জঙ্গিরা বলে জানিয়েছে ভারতীয় সেনা। উল্লেখযোগ্য জঙ্গি ঘাঁটিগুলো লক্ষ্য করে যখন ভারতীয় সেনা আক্রমণ চালায় তখন তার প্রতিরোধে পাল্টা ভারতীয় সেনার ওপর হামলা চালায় পাক সেনারা। এমনকি লস্কর জঙ্গিদের দেখতে আজ লস্করের ঘাঁটিতে গিয়েছেন পাক সেনাপ্রধান বলেও খবর। অর্থাৎ জঙ্গি হামলার ঘটনার পর পাক সেনার যুগ নিয়ে যে দাবি উঠেছিল তা যে সত্য তা প্রমাণিত হয়েছে বলে দাবি ভারতীয় সেনার।
