আমেরিকা থেকে সৌদি, রাশিয়া থেকে ইংল্যান্ড। অপারেশান সিঁদুর সম্পর্কে একাধিক বিদেশি রাষ্ট্রকে অবগত করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সেই সঙ্গে সাফ জানিয়ে দিলেন, ভারত উত্তেজনা চায় না। কিন্তু পাকিস্তান গোলমাল করলে চুপ করে বসেও থাকবে না দিল্লি।
ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে মিসাইল হামলা চালানোর পর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বুধবার বিভিন্ন দেশের নিরাপত্তা উপদেষ্টাদের জানিয়েছেন যে, উত্তেজনা বাড়ানোর কোনও উদ্দেশ্য নেই নয়াদিল্লির। তবে ইসলামাবাদ যদি এমন কোনও পদক্ষেপ করে, তা হলে ভারত ‘দৃঢ়ভাবে তার পাল্টা জবাব’ দিতেও সদা প্রস্তুত। সংবাদসংস্থা পিটিআই এই তথ্য জানিয়েছে। বুধবার ভোরে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা তথা বিদেশসচিব মার্কো রুবিওর সঙ্গে কথা বলেন ডোভাল। তার পর একে একে কথা বলেন ব্রিটেন, সৌদি আরব, জাপান, রাশিয়া এবং ফ্রান্স-সহ বিভিন্ন দেশের নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে। সরকারি সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, বিভিন্ন দেশের প্রতিনিধিদের ডোভাল স্পষ্ট জানিয়েছেন, ভারতের অহেতুক উত্তেজনা ছড়ানোর কোনও ইচ্ছা নেই। তবে পাকিস্তান যদি এমন কাজ করে, তবে ভারতও ‘প্রতিশোধ’ নিতে প্রস্তুত। চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গেও কথা হয়েছে ডোভালের।
এ দিকে অপারেশান সিঁদুরের পর একের পর এক ভুয়ো খবর প্রকাশ করতে থাকে পাকিস্তান। যেখানে দাবি করা হয়, পাকিস্তান নাকি গুলি করে একাধিক ভারতীয় যুদ্ধবিমান মাটিতে নামিয়েছে। সেই রটনায় ভরসা করে খবর সম্প্রচার করতে শুরু করে চিনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল নিউজ। পাক বিক্রম দেখাতে ব্যবহার করা হয় পুরনো ছবি। সেই ভুয়ো খবর দেখে ভারত পাল্টা কটাক্ষ ছুঁড়ে দেয় চিনের দিকে। কিছু পোস্ট করার আগে ফ্যাক্ট চেক করার পরামর্শ দেয় ভারত। চিন অবশ্য সরকারি ভাবে দুই দেশকেই উত্তেজনা কমানোর পরামর্শ দিয়েছে। তবে পরিস্থিতি যা তাতে মুখরক্ষায় পাকিস্তান যদি কোন পদক্ষেপ করে তার সমুচিত জবাব দিতে যে ভারত তৈরি হয়ে বসে আছে, অপারেশান সিঁদুর থেকেই তা স্পষ্ট। সে ক্ষেত্রে পাকিস্তানকে আরও লজ্জার মধ্যে পড়তে হবে তা বলাই বাহুল্য।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
