কাশ্মীরের পহেলগামে গত ২২ এপ্রিলের ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ মানুষের হত্যার ঘটনার পর, নিরাপত্তা সংস্থাগুলি অভিযুক্ত তিন পাক-সমর্থিত লস্কর-ই-তইবা জঙ্গির সন্ধানে শোপিয়ান জেলার বিভিন্ন স্থানে পোস্টার লাগিয়েছে। ‘টেরর ফ্রি কাশ্মীর’ বার্তা-সহ ওই পোস্টারগুলিতে জঙ্গিদের অবস্থান সম্পর্কে তথ্যদাতাকে ২০ লক্ষ টাকার পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। এ সম্পর্কে তথ্য দেবেন যিনি, তার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
পহেলগামের বৈসারন উপত্যকায় জঙ্গি হামলায় ২৫ জন ভারতীয় পর্যটক এবং এক নেপালি নাগরিক নিহত হন। এই ঘটনা ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মীরের সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলা বলে মনে করা হচ্ছে।
অভিযুক্ত তিন জন হল: অনন্তনাগের বাসিন্দা আদিল হুসেন থোকার এবং দুই পাকিস্তানের নাগরিক আলি ভাই ওরফে তালহা ভাই, হাশিম মুসা ওরফে সুলেমান। পহেলগামে জঙ্গি হামলার দায় স্বীকার করেছে লস্কর-ই-তইবার সহযোগী সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ বা ‘টিআরএফ’।
পহেলগেম জঙ্গি হামলার পাল্টা জবাবে গত ৭ মে থেকে ‘অপারেশন সিঁদুর’ শুরু করে ভারত। সেই অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ন’টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেয় ভারত। পাকিস্তান পাল্টা ভারতীয় সেনা ঘাঁটি ও সীমান্তবর্তী বসতি লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালায়। কিন্তু তার সিংহভাগই মুখ থুবড়ে পড়ে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে। জবাবে পাকিস্তানের ১১টি প্রধান বিমানঘাঁটিতে হামলা চালিয়ে তছনছ করে ভারতীয় বায়ুসেনা।
১০ মে দুই দেশ যুদ্ধবিরতিতে গেলেও ভারত সাফ জানিয়ে দিয়েছে, কেবলমাত্র সামরিক অভিযান আপাতত বন্ধ করা হয়েছে। কিন্তু পাকিস্তানের সঙ্গে কোনও কূটনৈতিক স্তরের আলোচনা হবে না। ওপার থেকে আবার হামলা হলে কঠোরতম জবাব দেওয়া হবে।
Leave a comment
Leave a comment
