বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের একমাত্র পুত্র সৃঞ্জয় দাশগুপ্তের (ডাকনাম: প্রীতম) রহস্যজনক মৃত্যুর খবরে শোকের ছায়া পরিবার ও পরিচিত মহলে। মঙ্গলবার সকালে নিউটাউনের সাপুরজি আবাসন থেকে উদ্ধার হয় বছর ছাব্বিশের সৃঞ্জয়ের নিথর দেহ।
জানা গেছে, সৃঞ্জয় তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন এবং দীর্ঘদিন ধরেই একা থাকতেন নিউটাউনের ফ্ল্যাটে। মা রিঙ্কু মজুমদার দিলীপ ঘোষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকেই তিনি সেখানেই ছিলেন।
ঘটনার দিন প্রথমে তাঁকে বিধাননগরের বেসরকারি ‘ওহায়ো’ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা পরামর্শ দেন সরকারি হাসপাতালে স্থানান্তরের। এরপরই তাঁকে নিয়ে যাওয়া হয় বিধাননগর মহকুমা হাসপাতালে, যেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে, তবে ময়নাতদন্তের পরেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।
উল্লেখ্য, মাসখানেক আগেই রিঙ্কু ও দিলীপ ঘোষের বিয়ের সময় সৃঞ্জয় সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি পূর্বনির্ধারিত ভ্রমণে যাচ্ছেন, তাই বিয়েতে উপস্থিত থাকতে পারবেন না। তবে মায়ের বিয়েতে তিনি খুশি বলেও জানিয়েছিলেন।
এখনও পর্যন্ত রিঙ্কু মজুমদার বা দিলীপ ঘোষের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।
ঘটনার পর দেহ পাঠানো হয় আর.জি. কর হাসপাতালে ময়নাতদন্তের জন্য। সেখান থেকেই শেষকৃত্যের জন্য তাঁর দেহ নিয়ে যাওয়া হয়েছে নিমতলা শ্মশানে।
এই অকালমৃত্যু ঘিরে উঠছে নানা প্রশ্ন। তদন্তে কী উঠে আসে, সেদিকেই তাকিয়ে সকলে।
