সুদীপ্ত চট্টোপাধ্যায়
রাজ্যের নির্বাচিত সরকারের বিধানসভায় পাশ হওয়া বিলের অনুমোদনে রাষ্ট্রপতি ও রাজ্যপালদের নির্দিষ্টভাবে সময়সীমা বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। সংবিধানের ১৪৩ অনুচ্ছেদ উল্লেখ করে পাল্টা সুপ্রিম কোর্টের সামনে প্রশ্ন ছেড়ে দিলেন স্বয়ং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অদৌ কি রাজ্যপালদের এভাবে সময়সীমা বেঁধে দেওয়া যায়? শীর্ষ আদালতের কাছে এই প্রশ্নের জবাব চেয়েছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে বিচার বিভাগের কাছে ১৪ টি প্রশ্ন জানতে চেয়েছেন রাষ্ট্রপতি যার উত্তর দিতে হবে শীর্ষ আদালতকেই। সংবিধানের ১৪৩ অনুচ্ছেদ অনুযায়ী আইনি পরামর্শ বা মানুষের প্রয়োজনীয় কোন বিষয় নিয়ে আদালতের কাছে পরামর্শ চাইতে পারেন রাষ্ট্রপতি। সেই সাংবিধানিক ক্ষমতাবলেই রাষ্ট্রপতি বিল পাশ করা নিয়ে মন্ত্রী পরিষদের সাহায্য বা পরামর্শ মানতে রাজ্যপাল বাধ্য কিনা তা শীর্ষ আদালতের কাছে জানতে চেয়েছেন। গত এপ্রিলে চেন্নাইয়ে ডিএমকে সরকারের পাশ করা দশটি বিল রাজ্যপাল অনুমোদনে অস্বীকার করায় তা নিয়ে সুপ্রিম কোর্টে যে আবেদন করা হয়েছিল সেক্ষেত্রে আদালতের বিশেষ ক্ষমতা প্রয়োগ করে রাজ্যপাল কে বিল পাসের জন্য তিন মাসের সময়সীমা বেঁধে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মহাদেবনের বেঞ্চ। এমনকি এক্ষেত্রে রাষ্ট্রপতির ভূমিকার ডেট লাইন বেঁধে দেয়া হয়। শীর্ষ আদালতের এই রায়ের পরিপ্রেক্ষিতে এবার সাংবিধানিক অধিকার প্রয়োগ করলেন দেশের রাষ্ট্রপতি যা নজিরবিহীন বলে জানিয়েছে প্রশাসনিক মহল।
