কাতারের রাজধানী দোহায় ভারত-পাকিস্তান সংঘর্ষের বিষয়ে নিজের দাবি থেকে সরে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দোহায় মার্কিন সেনাদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তিনি মধ্যস্থতার দাবি প্রত্যাখ্যান করেন। তবে, তিনি অবশ্যই বলেছিলেন, তিনি অবশ্যই এই সমস্যা সমাধানে সাহায্য করেছেন। তবে, ভারত ট্রাম্পের দাবিকে কোনও গুরুত্ব দেয়নি। পরিবর্তে স্পষ্টভাবে ভারত বলেছে, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি পারস্পরিক আলোচনার পরেই হয়েছে।
ট্রাম্প বলেন, “আমি বলব না যে আমি করেছি, তবে গত সপ্তাহে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান কিছু উত্তেজনা নিরসনে আমি অবশ্যই সাহায্য করেছি”। তিনি বলেন,”পরিস্থিতি ক্রমশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠছিল এবং হঠাৎ করেই, আপনি সেখানে বিভিন্ন ধরণের ক্ষেপণাস্ত্র দেখতে শুরু করেছিলেন, কিন্তু আমরা এটি বের করে ফেলেছি”। মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি মনে করি এটি সমাধান হয়ে গেছে। আমরা তাদের (ভারত ও পাকিস্তান) সাথে বাণিজ্য নিয়েও কথা বলেছি। বলেছি – যুদ্ধ নয়, বাণিজ্য করি। পাকিস্তান এতে খুব খুশি ছিল, ভারতও এতে খুব খুশি ছিল এবং আমার মনে হয় তারা এখন সঠিক পথে এগোচ্ছে।”
