২০১৬ সালের এসএলএসটি-র মাধ্যমে উত্তীর্ণ, অথচ চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলন ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠল বিকাশ ভবন চত্বর। বৃহস্পতিবার দুপুরে চাকরিপ্রার্থীদের ‘অধিকার মঞ্চ’-এর ডাকে বিকাশ ভবনের সামনে জমায়েত হয় একদল আন্দোলনকারী। অভিযোগ, তারা গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ে, এরপর পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা আরও বাড়ে। সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ ও আন্দোলনকারীরা। শিক্ষকদের অভিযোগ, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখানো সত্ত্বেও পুলিশ তাঁদের উপর লাঠিচার্জ করে এবং মারধর করে।
এই ঘটনার জেরে এবার আন্দোলনকারী শিক্ষকদের বিরুদ্ধেই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল বিধাননগর পুলিশ। অভিযোগ, আন্দোলনকারীরা সরকারি সম্পত্তি ভাঙচুর করেছেন, সরকারি কাজে বাধা সৃষ্টি করেছেন এবং বেআইনিভাবে সরকারি কর্মীদের উপর চড়াও হয়েছেন। তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে।
পুলিশের এই পদক্ষেপে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আন্দোলনকারীরা। তাদের বক্তব্য, “আমরা কোনও বিশৃঙ্খলা করিনি। শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাচ্ছিলাম। কিছু ছবি বা ভিডিওকে হাতিয়ার করে আমাদের আন্দোলনকে কলঙ্কিত করার চেষ্টা চলছে। আমাদের দমিয়ে রাখা যাবে না। আমাদের প্রাপ্য চাকরি আদায় করেই ছাড়ব।”
চাকরির দাবিতে বহু বছর ধরে আন্দোলন চালিয়ে যাওয়া এই শিক্ষক-শিক্ষিকারা এখন নতুন করে আইনি চ্যালেঞ্জের মুখে। তবে তাঁদের লড়াই থামবে না বলেই সাফ জানিয়ে দিয়েছেন তাঁরা।
