আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই মাঠে ফিরছে ক্রিকেটপ্রেমীদের প্রিয় টুর্নামেন্ট—ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। দেশের সাম্প্রতিক অশান্ত পরিস্থিতির কারণে কিছুদিন স্থগিত থাকা আইপিএলের বাকি অংশ শুরু হচ্ছে শনিবার, ১৭ মে। নতুন সূচি অনুযায়ী, বেঙ্গালুরুতে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এবং কলকাতা নাইট রাইডার্স (KKR)। এই ম্যাচে জয় মানেই প্লে-অফে আরসিবির সরকারি সিলমোহর।
তবে আরসিবির শিবিরে চিন্তার মেঘ। অধিনায়ক রজত পাতিদার এখনও পুরোপুরি চোটমুক্ত নন। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় হাতের আঙুলে গুরুতর চোট পান তিনি। মাঝখানের বিরতিতে কিছুটা সুস্থ হলেও, ফিল্ডিংয়ে নামবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। সম্ভাবনা রয়েছে, তিনি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে শুধুমাত্র ব্যাটিং করতে নামবেন।
এই অবস্থায় অধিনায়কত্বের ভার এসে পড়তে পারে দলের অভিজ্ঞ তারকা বিরাট কোহলির ওপর। গত মরসুমেও ফাফ ডু প্লেসির চোটের সময় কয়েকটি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন বিরাট। এমনিতেই তিনি মাঠে থাকলে একটা স্বাভাবিক নেতৃত্বের ছায়া সর্বত্র থাকে। খেলোয়াড়রা তাঁর পরামর্শকে গুরুত্ব দিয়ে থাকেন। যদিও বিরাট নিজেই ভবিষ্যতের দিকে তাকিয়ে রজতকে নেতৃত্বের জন্য এগিয়ে দিয়েছিলেন, তবে পরিস্থিতির প্রয়োজনে তাঁকে আবারও ক্যাপ্টেনের ভূমিকায় দেখা যেতে পারে।
বিকল্প হিসেবে উইকেটকিপার-ব্যাটার জীতেশ শর্মার নামও শোনা যাচ্ছে, যদি বিরাট নেতৃত্বে ফিরতে না চান।
এদিকে দেশের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি একটু একটু করে স্বাভাবিক হচ্ছে। পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’-এ পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসবাদী ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বিদেশি ক্রিকেটারদের মধ্যে শুরুতে কিছুটা আতঙ্ক থাকলেও, এখন তাঁরা ধীরে ধীরে ফিরছেন টুর্নামেন্টে।
সব মিলিয়ে, শনিবারের ম্যাচ শুধু একটা খেলা নয়—এটা আরসিবির জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষাও। বিরাট কোহলির নেতৃত্বে ফিরেই কি দল পৌঁছবে প্লে-অফে? সেটাই এখন দেখার।
