কলকাতা: রাজ্যজুড়ে চাকরিচ্যুত শিক্ষকদের ন্যায়বিচারের দাবিতে যখন উত্তাল বিকাশভবনের সামনের চত্বর, ঠিক সেই সময় প্রতিবাদের মঞ্চে গিয়ে আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার রাত ৮টা নাগাদ ‘ধিক্কার সভা’-য় উপস্থিত হয়ে তিনি আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, আপনাদের দাবি ন্যায্য, আমরা এই লড়াইয়ে আপনাদের সঙ্গে আছি।
শুভেন্দু জানান, এসএসসি দুর্নীতির অভিযোগ ও আদালতের পর্যবেক্ষণ মাথায় রেখে তিনি এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। ১৫ জন বিধায়ককে সঙ্গে নিয়ে গেলে, চেয়ারম্যান দেখা না করলেও সচিবের সঙ্গে আলোচনা হয়। তিনি বলেন, CBI-এর রিপোর্ট অনুযায়ী হার্ড ডিস্কে থাকা OMR স্ক্রিপ্ট অনুযায়ী যোগ্য-অযোগ্য চিহ্নিত করে আদালতকে জানাতে বলেছি। না হলে অনেকের চাকরি চিরতরে চলে যাবে।
আন্দোলনকারীরা এদিন শুভেন্দুর কাছে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ করেন। তিনি বলেন, আমি চেষ্টা করব, তবে আপনারা বিস্তারিত বিষয় নিয়ে আমার সঙ্গে আলাদা দেখা করুন। পাশাপাশি তিনি পরামর্শ দেন, আন্দোলন আর আলোচনা একসাথে চলতে পারে না। আপনাদের একটিকে বেছে নিতে হবে।
আগামী ৯ জুন থেকে শুরু হতে চলা বিধানসভার অধিবেশন ঘিরেও হুঁশিয়ারি দেন শুভেন্দু। বলেন, আমরা অধিবেশন চালাতে দেব না, প্রয়োজনে আমাকে আবার সাসপেন্ড করুক।
এই ঘটনাপ্রবাহে আবারও উঠে এল রাজ্য সরকারের বিরুদ্ধে প্রশাসনিক স্বচ্ছতার অভাবের অভিযোগ। শুভেন্দুর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এসএসসি নিষ্ক্রিয়। সব সিদ্ধান্ত হচ্ছে নবান্ন থেকে।
চাকরি হারানো শিক্ষকদের লড়াই আজ আর শুধু চাকরির জন্য নয়, এটা হয়ে উঠেছে মর্যাদা, অধিকার আর ন্যায়বিচারের লড়াই। শুভেন্দুর উপস্থিতি আন্দোলনকারীদের মধ্যে নতুন আশার সঞ্চার করলেও, ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। এবার অপেক্ষা বক্তৃতার বাইরে রাজনৈতিক নেতারা কতটা বাস্তব পদক্ষেপ নেন।
