বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির পদে আর রইলেন না অনুব্রত মণ্ডল। রইলেন না বলার চেয়ে বলা ভালো রাখা হলো না তাঁকে। শুক্রবার নতুন তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। তারপর থেকেই বীরভূম জেলার তৃণমূলের সংগঠন নিয়ে শুরু হয়ে গিয়েছে জোড় রাজনৈতিক চর্চা। গতবছর তিহাড় জেল থেকে বীরভূমের বাড়িতে ফিরেছেন অনুব্রত মণ্ডল। জেলে যাওয়ার আগে পর্যন্ত তিনি ছিলেন জেলা সভাপতি। অনুব্রতর অনুপস্থিতিতে একটি কোর কমিটি তৈরি করে জেলার দায়িত্ব দিয়ে দেওয়া হয় তৃণমূলের তরফে। কিন্তু অনুব্রত মণ্ডল ফেরার পরেও জেলা সভাপতির পদ ফাঁকাই রয়ে গেল।
এই প্রসঙ্গে বিকাশ রায় চৌধুরী বলেন, “দল যে সিদ্ধান্ত নিয়েছে সেটাতেই আমরা মান্যতা দিচ্ছি। এটা দলীয় সিদ্ধান্ত।” কোর কমিটির চেয়ারপার্সন আশিস বন্দ্যোপাধ্যায় জানান, “নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আমার উপর আস্থা রেখেছেন এতে আমি কৃতজ্ঞ।” অনুব্রত মণ্ডলের জেলা সভাপতি পদ চলে যাওয়া নিয়ে সেরকম কোন মন্তব্য করতে নারাজ তিনি।
তবে সভাধিপতি কাজল শেখ বলেন, “কলকাতার ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বীরভূম জেলা পরিচালনা করবে কোর কমিটি। এটা আমাদের কাছে প্রত্যাশিত ছিল, এটাই হয়েছে। আমি নতমস্তকে প্রণাম জানাই তাঁদের। একুশের নির্বাচন, ২৩-এর নির্বাচন, ২৪-এর নির্বাচন খুব ভালভাবে পার করেছে কোর কমিটি। বিগত দিনের থেকে ভালো রেজাল্ট করেছে।” অনুব্রত মণ্ডল প্রসঙ্গে কাজল বলেন, “এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। কোর কমিটির উপর আস্থা রেখেছে, ১১ টা বিধানসভার মধ্যে ১১ টাতেই বিপুলভাবে জয়লাভ হবে।”
