YouTuber Jyoti Malhotra: দেশের গোপন এবং স্পর্শকাতর তথ্য পাকিস্তানের কাছে ফাঁস করার গুরুতর অভিযোগ। আর সেই অভিযোগে হরিয়ানার এক ট্র্যাভেল ব্লগারকে (Travel Blogger) গ্রেফতার করল পুলিশ। ধৃত ওই মহিলার নাম জ্যোতি মালহোত্রা। একই সঙ্গে আরও পাঁচ ভারতীয় নাগরিককেও গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হরিয়ানা, পাঞ্জাব সহ বিস্তীর্ণ এলাকায় তাদের নেটওয়ার্ক বিস্তার করেছিল বলে জানা যাচ্ছে। এজেন্ট থেকে স্পর্শকাতর তথ্য সরবরাহকারী, সবই ছিল তাদের নেটওয়ার্কে।
জানা যাচ্ছে, ধৃত জ্যোতি ‘ট্র্যাভেল উইথ জো’ নামে একটি ইউটিউব চ্যানেল চালান। মূলত ট্র্যাভেল সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করতেন তিনি (YouTuber Jyoti Malhotra)। আর সেই সূত্র ধরেই গত ২০২৩ সালে জ্যোতি মালহোত্রা পাকিস্তান সফরে যান বলে উঠে এসেছে তদন্তে। এক কমিশন এজেন্টের থেকে ভিসা নিয়ে পাকিস্তানে গিয়েছিলেন তিনি। আর সেই সময় নয়া দিল্লির পাকিস্তান হাইকমিশনের এক কর্মীর সঙ্গে জ্যোতির ঘনিষ্ঠতা গড়ে ওঠে বলে জানতে পেরেছেন গোয়েন্দারা।
সেই কর্মীর নাম এহসান উর রহিম ওরফে দানিশ বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, দানিশ ধৃত ইউটিউবারের সঙ্গে একাধিক পাক গুপ্তচর সংস্থার আধিকারিকদের (Pakistani Intelligence Operatives (PIO) সঙ্গেও যোগাযোগ করিয়ে দেয় বলে তদন্তে উঠে এসেছে। তাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম স্ন্যাপচ্যাটের মাধ্যমে যোগাযোগ পর্যন্ত রাখত সে।
জ্যোতির ফোনে এমন বহু নম্বর তদন্তকারীরা পেয়েছেন বলে সূত্রের খবর। যদিও বিভিন্ন নামে তা সেভ করা ছিল। যেমন পাক অপারেটর শাকির ওরফে রানা শাহবাজের নম্বর ‘জাট রানধাওয়া’র নামে সেভ করা ছিল বলেও খবর। এখানেই শেষ নয়, তদন্তকারী সূত্রে আরও খবর, ভারতের একাধিক স্পর্শকাতর এলাকার ছবি-ভিডিও পাকিস্তানের হাতে তুলে দেওয়ার অভিযোগ রয়েছে জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে। এমনকী এক পাক গোয়েন্দা আধিকারিকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কেও সে জড়িয়ে ছিল বলে জানতে পেরেছেন আধিকারিকরা। মাঝেমধ্যেই নাকি ইন্দোনেশিয়া, বালিতেও জ্যোতি ‘রহস্যজনক’ ওই ব্যক্তির সঙ্গে যেত।
ভারতীয় ন্যায় সংহিতা (Bharatiya Nyaya Sanhita (BNS) – র ১৫২ এবং অফিশিয়াল সিক্রেট অ্যাক্ট, ১৯২৩ এর একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যে জ্যোতিকে জেরা করছেন তদন্তকারী আধিকারিকরা। ইকনমিক অফেন্স উইং (Economic Offences Wing, Hisar) পুরো ঘটনার তদন্ত করছে বলে সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে।
