ভারতের জ্যাভলিন তারকা নীরজ চোপড়া তাঁর ক্যারিয়ারের আরেকটি মাইলফলক ছুঁলেন। বহু প্রতীক্ষিত ৯০ মিটারের ক্লাবে প্রবেশ করলেন তিনি, ডায়মন্ড লিগে ৯০.২৩ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে। যদিও এই দূরত্ব সোনার জন্য যথেষ্ট ছিল না, কারণ জার্মানির ওয়েবার ৯১.০৬ মিটার থ্রো করে সোনা জিতেছেন, তবুও নীরজের এই রৌপ্য পদকও তার কেরিয়ারের এক ঐতিহাসিক সাফল্য হয়ে থাকল।
নিজের পারফরম্যান্সের পর আবেগে ভেসে নীরজ বলেন,“অনেকেই ভাবত আমি আর ৯০ মিটার থ্রো করতে পারব না। ২০১৮ সাল থেকে চেষ্টা করে যাচ্ছিলাম। আজ সেটা করতে পেরে মনে হচ্ছে একটা বোঝা নামল।”
এই সাফল্যের জন্য তিনি কৃতিত্ব দিয়েছেন তাঁর কোচ জান জেলেনজিকে। চেক প্রজাতন্ত্রের এই প্রাক্তন জ্যাভলিন তারকা নিজেও ৯০ মিটারের ক্লাবে থাকা একজন কিংবদন্তি। নীরজ জানান, “আমি খুবই খুশি যে জান জেলেনজি আমার কোচ। আমরা দক্ষিণ আফ্রিকায় একসঙ্গে প্রচুর পরিশ্রম করেছি। এখনও বিভিন্ন দিক নিয়ে কাজ চলছে। জান থেকে আমি এখনও শিখছি।”
প্রসঙ্গত, ২০২৩ সালের নভেম্বরে জান জেলেনজির সঙ্গে চুক্তি হলেও, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে নীরজ তাঁর সঙ্গে নিয়মিত অনুশীলন শুরু করেন। মাত্র তিন মাসেই কোচের টেকনিক্যাল নির্দেশনায় নিজের থ্রোয়িং স্টাইলে পরিবর্তন এনে এই বিরল সাফল্য অর্জন করলেন নীরজ।
সম্প্রতি ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার আবহে নিজের প্রতিযোগিতায় পাকিস্তানি জ্যাভলিন থ্রোয়ার আর্শাদ নাদিমকে আমন্ত্রণ জানানো নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন নীরজ। কিন্তু এবার তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, “ওই সময় আমাদের সম্পর্ক তেমন গভীর ছিল না, আর এখন পরিস্থিতির কারণে আমাদের মধ্যে কোনও যোগাযোগও নেই।” এখন তাঁর লক্ষ্য আসন্ন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। নীরজ আশাবাদী, সেখানে তিনি আবারও ৯০ মিটার অতিক্রম করতে পারবেন।
“আমার চোট এখন অনেকটাই সেরে গেছে। আশা করি বিশ্ব চ্যাম্পিয়নশিপে আরও ভালো কিছু করতে পারব,” বললেন ভারতের সোনার ছেলে। এই দুর্দান্ত পারফরম্যান্সে আবারও প্রমাণিত হল, কঠোর পরিশ্রম, সঠিক কোচিং আর একনিষ্ঠতা থাকলে কোনো লক্ষ্যেরই নাগাল বাইরে নয়।
