ISRO New Satellite: ফের একবার মহাকাশ দখলের পথে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (Indian Space Research Organisation (ISRO)। প্রযুক্তি নির্ভর আরও এক আধুনিক স্যাটেলাইট উৎক্ষেপণ এখন সময়ের অপেক্ষা। আর তা রাতের অন্ধকারে মেঘের আড়াল থেকেও নজরদারি চালাতে সক্ষম।
গত কয়েকদিন আগেই ভারত এবং পাকিস্তান সীমান্ত উত্তপ্ত হয়ে ওঠে। যদিও বর্তমান পরিস্থিতি এখন অনেকটাই শান্ত। কিন্তু নজরদারিতে কোথাও কোনও খামতি রাখতে চায় না নয়াদিল্লি। আর সেই লক্ষ্যেই স্যাটেলাইটের (ISRO New Satellite) মাধ্যমে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগ ভারতের।
জানা যাচ্ছে, শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে রবিবার সকাল ৫ টা ৫৯ মিনিটে ‘নজরদারি’ এই স্যাটেলাইটের উৎক্ষেপণ করা হবে। পিএসএলভি রকেটের (Polar Satellite Launch Vehicle (PSLV) মাধ্যমে সেটি মহাকাশে পাঠানো হবে। আর সেই কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি মহাকাশ গবেষণা সংস্থাতে।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বৃহৎ এই পিএসএলভি রকেটের মাধ্যমে ইসরো ১০১তম স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চলেছে। ১,৬৯৬ কেজি ওজনের EOS-9 রাডার ইমেজিং স্যাটেলাইটটি (Radar Imaging Satellite) পৃথিবীর পৃষ্ঠ থেকে ৫০০ কিলোমিটার উপরে স্থাপন করা হবে।
জানা যাচ্ছে, মূলত এই স্পাই স্যাটেলাইটটি একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। বেঙ্গালুরু’তেই ইসরোর ইউআররাও স্যাটেলাইট সেন্টার (ISRO’s UR Rao Satellite Center, Bengaluru) সম্পূর্ণ ভাবে স্যাটেলাইটটির ডিজাইনের দায়িত্বে ছিল। মহাকাশ বিজ্ঞানীরা জানাচ্ছেন, আধুনিক এই স্যাটেলাইট যে কোনও আবহাওয়ায় কাজ করবে। এমনকী অল্প আলোতেও একেবারে ঝকঝকে ছবি তোলার ক্ষমতা রাখবে।
ভারতের ৫৭ টিরও বেশি স্যাটেলাইট মহাকাশে রয়েছে। তার সঙ্গেই যুক্ত হবে EOS-9 রাডার ইমেজিং স্যাটেলাইটটি। এই নিয়ে মোট চারটি রাডার স্যাটেলাইট ভারতের নিরাপত্তার দায়িত্বে থাকবে মহাকাশ থেকে। Cartosat-3 স্যাটেলাইটটি (satellite) যেমন রাতে আর ছবি তুলতে পারে না, এক্ষেত্রে তেমনটা হবে না।
এই প্রসঙ্গে ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন (ISRO Chairman Dr V Narayanan) জানিয়েছেন, ভারতের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তত ১০ টি স্যাটেলাইট সবসময় কাজ করছে। পুরো উত্তরসীমান্ত জুড়ে ৭০০০ কিমি উপকূলবর্তী এলাকাও নজরদারির আওতায় আছে। স্যাটেলাইট এবং ড্রোন প্রযুক্তি ছাড়া বিপুল এই কর্মকাণ্ড যে কখনই সম্ভব নয় তাও জানিয়েছেন ইসরো চেয়ারম্যান।
