Operation Sindoor: ‘অপারেশন সিঁদুর’ শুরু হওয়ার আগে পাকিস্তানকে কোনওরকম বার্তা দেওয়া হয়নি। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (S. Jaishankar) বক্তব্য নিয়ে ভুল তথ্য তুলে ধরা হচ্ছে। বিদেশ মন্ত্রকের তরফ থেকে শনিবার এক বিবৃতি দিয়ে এ কথা জানানো হয়েছে।
কিছুদিন আগেই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) প্রশ্ন তুলেছিলেন, কেন আগে থেকে পাকিস্তানকে অপারেশনের (Operation Sindoor) ব্যাপারে জানানো হল? জঙ্গিঘাঁটিতে আঘাত করার ব্যাপারে পাকিস্তানকে আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ ছিল কংগ্রেস।
এক্স মাধ্যমে (আগে টুইটার) একটি পোস্ট করে রাহুল গান্ধী জয়ঙ্করের উদ্দেশে প্রশ্ন ছুড়েছিলেন। অপারেশনের বিষয়ে কেন আগে থেকে পাকিস্তানকে জানানো হল, সেই প্রশ্ন তুলেছিলেন। এছাড়া ভারতীয় বায়ুসেনা কটি এয়ারক্রাফট হারিয়েছে, সেই প্রশ্নও তুলেছিলেন কংগ্রেস সাংসদ। তিনি লিখেছিলেন, “পাকিস্তানকে অপারেশনের ব্যাপারে আগে থেকে জানানোটা একটা অপরাধ। বিদেশমন্ত্রীকে এটা বলার অনুমতি কে দিল? কটি এয়ারক্রাফট হারাল ভারত?”
রাহুল গান্ধীর সব দাবি খারিজ করে দিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)। একই সঙ্গে পিআইবি জানিয়ে দিয়েছে যে অপারেশন সিঁদুরের ব্যাপারে আগে থেকে পাকিস্তানকে কিছু জানানো হয়নি। পিআইবি-র ফ্যাক্ট চেক-এ উঠে এসেছে যে বিদেশমন্ত্রী এমন কোনও বক্তব্যই রাখেননি।
Operation Sindoor: ভিডিও ঘিরেই বিতর্কের সূত্রপাত
আদতে একটি জয়শঙ্কের একটি বক্তব্যের ভিডিও ঘিরেই বিতর্কের সূত্রপাত হয়। সেখানে বিদেশমন্ত্রীর বক্তব্য ছিল, শুরুতেই পাকিস্তানকে সতর্ক করে বলা হয়েছিল যে কেবলমাত্র জঙ্গিঘাঁটিতেই আঘাত করা হচ্ছে, কোনও সামরিক ঘাঁটিতে নয়। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই প্রশ্ন তোলে কংগ্রেস। তবে পিআইবি স্পষ্ট জানিয়েছে যে এ ক্ষেত্রে শুরুর দিকে বলতে অপারেশন শুরু হওয়ার পরের কথা বোঝানো হয়েছে।
