Delhi: দিল্লিতে বড়সড় ধাক্কা আম আদমি পার্টিতে। দল ছাড়লেন ১৩ জন কাউন্সিলর। স্রেফ তাই নয়, নতুন দলও গড়লেন তাঁরা। বিদ্রোহী নেতাদের মধ্যে রয়েছেন মুকেশ গোয়েল। দিল্লি পুরসভায় দলনেতাও ছিলেন গোয়েল। মূলত তাঁর নেতৃত্বেই বেসুরোরা দল ছেড়ে এবার নতুন দল গড়লেন। বিধানসভা নির্বাচনের পর ফের একবার মুখ থুবড়ে পড়ল দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি।
গোয়েলের নেতৃত্বে দলত্যাগী কাউন্সিলররা নতুন দলের নাম দিয়েছেন ইন্দ্রপ্রস্থ বিকাশ পার্টি। গত ফেব্রুয়ারি মাসে দিল্লির বিধানসভা নির্বাচনে আদর্শনগর আসন থেকে আপের টিকিটেই লড়েছিলেন মুকেশ গোয়েল। যদিও পরাজিত হন। ওই আসনে জিতেছিলেন বিজেপির রাজ কুমার ভাটিয়া। গত পুরসভা নির্বাচনের আগে আবার এই বিদ্রোহী নেতারাই কংগ্রেস ছেড়ে আম আদমি পার্টিতে যোগদান করেছিলেন। দীর্ঘ ২৫ বছর ধরে কাউন্সিলর থাকার পর ২০২১ সালে কংগ্রেস ছেড়ে আপ-এ যোগদান করেন মুকেশ গোয়েল।
দলের বিরুদ্ধে কয়েকদিন ধরেই বেসুরো ছিলেন গোয়েল নিজেও। এদিন দলত্যাগের পর সংবাদমাধ্যমের কাছে এব্যাপারে মুখ খোলেন তিনি। বলেন, “আম আদমি পার্টির প্রাথমিক সদস্যপদ থেকে কাউন্সিলররা ইস্তফা দিয়েছেন। নতুন দলও গঠন করেছেন তাঁরা। যার নাম ইন্দ্রপ্রস্থ বিকাশ পার্টি। ক্ষমতায় থাকা সত্ত্বেও দিল্লির মানুষের জন্য কাজ করতে পারছিলাম না। এমনকী, দলের অন্তর্দ্বন্দ্বের কারণেও কাজ করা যাচ্ছিল না।”
একই সুরে বিস্ফোরক অভিযোগ অপর বিদ্রোহী আপ নেত্রী হিমানী জৈন। গত আড়াই বছর ধরে তাদের কাজই করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এদিন তাঁর কথায়, “গত আড়াই বছর ধরে কর্পোরেশনে যে যে কাজ করা উচিত ছিল, তা করা হয়নি। আমরা ক্ষমতায় ছিলাম, তবু আমরা কিছুই করতে পারিনি। আর তাই দিল্লিবাসীর সেবা করতে নতুন দল গড়েছি আমরা। দিল্লির উন্নয়নে যে দল কাজ করবে, আমরা তার পক্ষে।” তবে বিদ্রোহীদের সংখ্যা আরও বাড়বে বলেই দাবি হিমানীর।
গত ফেব্রুয়ারিতেই দিল্লির বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ে পর্যুদস্ত হয় আপ। খোদ অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসৌদিয়ার মতো হেভিওয়েটরাও পরাজিত হন। কালকাজি আসনে দলের মুখ রক্ষা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশী মারলেনা। বিজেপির রেখা গুপ্তা দিল্লির মুখ্যমন্ত্রী হন। হারের পর থেকেই আম আদমি পার্টিতে অন্তর্দ্বন্দ্ব চরমে ওঠে। তা দূর করতে গত মার্চে আপ-এ সাংগঠনিক রদবদলও করা হয়। দিল্লিতে আপের সভাপতি করা হয় সৌরভ ভরদ্বাজকে। অন্যদিকে, ভোটের ২ বছর বাকি থাকতেই পঞ্জাবের দায়িত্ব সঁপে দেওয়া হয় দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মণীস সিসৌদিয়াকে।
