Jazzbaat24Bangla • Beta
দিব্যেন্দু মজুমদার, হুগলি
দেশের অখন্ডতা ও সার্বভৌমিকতা রক্ষা করতে গিয়ে যে সকল বীর সেনা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা জানাতে শনিবার বিকেলে চুঁচুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক পদযাত্রার আয়োজন করা হয়। চুঁচুড়া খাদিনা মোড় থেকে পদযাত্রা শুরু হয়ে শেষ হয় ব্যান্ডেল মোড়ে। তৃণমূলের ব্যানারে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরতা বীর মহিলা সেনা অফিসার কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিং-এর ছবিসহ ব্যানার হাতে নিয়ে সাধারণ মানুষকেও এদিন এই পদযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে দেখা যায়।
দেশ রক্ষার্থে যে সকল বীর সেনা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা জানানো ছাড়াও কাশ্মীরের পহেলগামে জঙ্গি হানায় নিহত নিরীহ পর্যটকদের আত্মার শান্তি কামনা করা হয়। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সির নির্দেশে আজকে তারা শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানান। এই পদযাত্রার মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি যে সকল সেনা সীমান্ত পাহারা দিচ্ছেন তাদের মনোবল বৃদ্ধির বার্তা দিয়ে জানিয়েছেন সারা ভারতবাসী আজ সেনাদের পাশে রয়েছে। পাশাপাশি বন্দী জওয়ান পূর্ণমের দেশে ফিরে আসা প্রসঙ্গে বিধায়ক বলেন প্রথম থেকেই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় জওয়ানের পরিবারের পাশে ছিলেন। এখন সে ফিরে এসেছে। অস্থির পরিস্থিতিতে ওই পরিবারের যে দুঃখ কষ্ট ছিল তা মুখ্যমন্ত্রী দূর করেছেন। এদিন ব্যান্ডেল মোড়ে পদযাত্রা শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
