আজ সন্ধ্যায় বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ও কলকাতা নাইট রাইডার্স (KKR)। একদিকে প্লে-অফের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা বিরাট কোহলির দল, অন্যদিকে শুধুমাত্র অঙ্কের হিসেবে টিকে থাকা কলকাতা। ম্যাচের আগে সবথেকে বড় প্রশ্ন! কে যাবে প্লে-অফে? উত্তর জানাবে বাইশ গজ… এবং হয়তো বেঙ্গালুরুর আকাশও।
RCB আজকের ম্যাচ জিতলে বা যদি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, তাহলেই তারা প্লে-অফে পৌঁছে যাবে সরকারি ভাবে। কিন্তু যদি KKR জিতে যায় বড় ব্যবধানে, তাহলেই মিলবে প্লে-অফের শেষ টিকিটের অঙ্কের ছক। তাই নাইটদের জন্য আজকের ম্যাচটা শেষ সুযোগ, এক কথায় ডু অর ডাই।
বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, এবং বেঙ্গালুরু তার দ্বিতীয় ঘর। তাই আজকের ম্যাচ ঘিরে রয়েছে বাড়তি আবেগ। বিরাটের প্রতি শ্রদ্ধা জানাতে স্টেডিয়ামে থাকছে নানা আয়োজন। চিন্নাস্বামীর গ্যালারি ভরেছে আগেই। ব্যাটে রান পাচ্ছেন বিরাট, এবং ফিল সল্টও রয়েছেন দারুণ ছন্দে। তবে RCB পাবে না হ্যাজলউডকে, রজত পাতিদারও চোটে কিছুটা অনিশ্চিত।
KKR দলে চিন্তা রয়েছে ভেঙ্কটেশ আইয়ারের চোট নিয়ে। শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হবে তাঁকে খেলানো যাবে কিনা। নাইটদের বড় ভরসা এখন আন্দ্রে রাসেল। শেষ দুই ম্যাচে ব্যাট ও বল হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন তিনি। নাইটদের একাদশে দেখা যেতে পারে রিঙ্কু সিং, নারিন, গুরবাজ, রাহানে এবং সম্ভবত মণীশ পান্ডে।
সম্ভাব্য একাদশ টিম হলো
RCB: ফিল সল্ট, বিরাট কোহলি, মায়াঙ্ক আগরওয়াল, রজত পাতিদার, জীতেশ শর্মা, রোমারিও শেপার্ড, টিম ডেভিড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, যশ দয়াল, লুনগি এনগিডি, সূয়াশ শর্মা।
KKR: সুনীল নারিন, রহমানুল্লা গুরবাজ, অজিঙ্ক রাহানে, ভেঙ্কটেশ আইয়ার/মণীশ পান্ডে, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, বৈভব অরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, অনরিখ নর্টজে/স্পেন্সর জনসন।
আজকের ম্যাচ শুধুই এক ম্যাচ নয়, এ এক আবেগ, এক সম্ভাবনা, এক বিদায় এবং এক অলৌকিক প্রত্যাবর্তনের লড়াই। বেঙ্গালুরু জিতলে ইতিহাস গড়বে আবার, আর কলকাতা? তারা অপেক্ষা করবে এক অলৌকিক সন্ধ্যার, যেখানে সব হিসাব উলটে যাবে।
তবে ম্যাচের আসল শত্রু হতে পারে বৃষ্টি। যদি বৃষ্টিতে পণ্ড হয় খেলা, তাহলে আরসিবি নিশ্চিন্তে প্লে-অফে পা রাখবে। আর কেকেআরের স্বপ্ন ছিন্নভিন্ন হয়ে মিলিয়ে যাবে মেঘের আড়ালে।
