ভারতের পক্ষ থেকে সারা বিশ্বে ‘জঙ্গি বিরোধী অবস্থান’ তুলে ধরতে শুরু হয়েছে ‘অপারেশন সিঁদুর’-এর কূটনৈতিক পর্ব। এই বিশেষ উদ্যোগের আওতায় ৭টি সাংসদীয় প্রতিনিধি দল পাঠানো হচ্ছে বিভিন্ন মহাদেশে। উদ্দেশ্য একটাই বিশ্ব দরবারে ভারতের অবস্থানকে স্পষ্ট ও শক্তিশালী করে তোলা।
প্রতিটি প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন দেশের নামী রাজনৈতিক ব্যক্তিত্বরা। কংগ্রেসের শশী থারুরের নেতৃত্বে একটি দল যাচ্ছে আমেরিকা, ব্রাজিল, পানামা, গায়ানা ও কলম্বিয়ায়। এই দলে রয়েছেন তেজস্বী সূর্য, সরফরাজ আহমেদ ও মিলিন্দ দেওরার মতো সাংসদরা।
অন্যদিকে বিজেপির রবিশঙ্কর প্রসাদ নেতৃত্ব দিচ্ছেন ইউরোপগামী দলে যাঁরা যাবেন ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, ডেনমার্ক ও ইউরোপীয় ইউনিয়নে। বাংলার সাংসদ শমীক ভট্টাচার্য, প্রিয়াঙ্কা চতুর্বেদী, এমজে আকবর, গোলাম আলি খতনা এই দলে রয়েছেন।
বৈজয়ন্ত পান্ডার নেতৃত্বাধীন দলটি রওনা দিচ্ছে সৌদি আরব, কুয়েত, বাহারিন ও আলজেরিয়ার উদ্দেশে। তাঁদের সঙ্গী আসাদউদ্দিন ওয়াইসি ও গোলাম নবি আজাদ।
ডিএমকের কানিমোঝির নেতৃত্বে রওনা দিচ্ছে আরেকটি শক্তিশালী দল, যাঁরা স্পেন, গ্রিস, লাটভিয়া ও রাশিয়ায় ভারতের বার্তা পৌঁছে দেবেন। দলে রয়েছেন রাজীব রাই, অশোক মিত্তল ও প্রেমচাঁদ গুপ্তা।
জেডিইউ নেতা সঞ্জয় ঝা নেতৃত্ব দিচ্ছেন এমন এক দলে, যেখানে আছেন তৃণমূলের ইউসুফ পাঠান, কংগ্রেসের সলমন খুরশিদ, ও সিপিএমের জন ব্রিটাস।
এছাড়াও, সুপ্রিয়া সুলের দল যাচ্ছে মিশর, কাতার, ইথিওপিয়া ও দক্ষিণ আফ্রিকায়। শ্রীকান্ত শিন্ডের দল যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাত, লাইবেরিয়া, কঙ্গো ও সিয়েরা লিওনে।
এই বহুমাত্রিক প্রতিনিধি দল প্রমাণ করছে, বিভিন্ন রাজনৈতিক মতভেদ ভুলে ভারতের কূটনৈতিক স্বার্থে ঐক্যবদ্ধ হয়েছে সংসদ। আন্তর্জাতিক মঞ্চে ভারতের ‘রঙিন বার্তা’ পৌঁছে দিতে এগিয়ে এসেছে ‘অপারেশন সিঁদুর’-এর সাত রঙের কূটনৈতিক বাহিনী।
