Pakistan: পাকিস্তানের জন্য কঠোর শর্তাবলী আরোপ করল আইএমএফ। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের তরফে পাকিস্তানকে দেওয়া প্রস্তাবিত ১.৩ বিলিয়ন ডলারের বেলআউট প্যাকেজে কঠোর শর্ত আরোপ করা হল। শর্ত পূরণ করলে তবেই মিলবে টাকা। ভারত পাক সংঘাতের আবহে ওই অর্থ প্রদানের প্রকৃত উদ্দেশ্য আপোস হতে পারে বলে আশঙ্কা আইএমএফের।
শনিবার প্রকাশিত আইএমএফের স্টাফ লেভেল রিপোর্ট অনুযায়ী, বেলআউট প্যাকেজের পরবর্তী কিস্তি দেওয়ার আগে পাকিস্তানের বিরুদ্ধে ১১টি কঠোর শর্ত আরোপ করেছে আইএমএফ। যার জেরে মোট শর্তের পরিমাণ বেড়ে দাঁড়াল ৫০টি। এব্যাপারে আইএমএফ সতর্ক করে জানায়, এই প্রকল্পের আর্থিক, বৈদেশিক ও সংস্কার সংক্রান্ত উদ্দেশ্যগুলির ক্ষেত্রে ঝুঁকি তৈরি হতে পারে।
নতুন করে আরোপিত শর্তগুলির মধ্যে ১৭.৬ ট্রিলিয়ন বাজেটের সংসদীয় অনুমোদন, বিদ্যুৎ বিল পরিশোধের সারচার্জ বৃদ্ধি ও তিন বছরের বেশি পুরোনো গাড়ি আমদানির উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলা হয়েছে। বিগত ২ সপ্তাহ ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে উল্লেখ আইএমএফের। তবে এখনও পর্যন্ত বিশ্ব বাজারে তুলনামূলক স্থিতাবস্থা বিরাজ করছে।
আইএমএফের রিপোর্টে আরও জানানো হয়েছে, আগামী অর্থবর্ষের জন্য পাকিস্তানের প্রতিরক্ষা বাজেটও ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রতিরক্ষা খাতে বাজেট নির্ধারণ করা হয়েছে ২.৪১৪ ট্রিলিয়ন। আইএমএফের বেলআউট প্রোগ্রামে মোট ৫০টি শর্ত আরোপ করা হল এই নিয়ে। প্রাদেশিক স্তরেও প্রযোজ্য হবে ওই শর্তসমূহ। চারটি প্রদেশকেই নতুন কৃষি আয়কর আইন প্রণয়ন করতে হবে। এছাড়াও আর্থিক ক্ষেত্রে একাধিক শর্ত আরোপ করা হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার গুজরাটের ভূজ বায়ুসেনা ঘাঁটি থেকে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং স্পষ্টতই বলেন, পাকিস্তানকে ঋণ দেওয়ার অর্থ সন্ত্রাসে পরোক্ষভাবে মদত দেওয়া। পহেলগাঁও জঙ্গি হামলার প্রত্যাঘাতের আবহেই সম্প্রতি IMF ওরফে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার পাকিস্তানকে ১০০ কোটি ডলার ঋণ দেওয়ার কথা জানায়। রাজনাথ বলেন, ওই টাকায় সন্ত্রাস চালাবে পাকিস্তান।
