Donald Trump: ভারত পাকিস্তান চাপানউতোরের মাঝেই পাকিস্তান ও পাকিস্তানিদের প্রশংসায় পঞ্চমুখ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “পাকিস্তানিরা খুবই মেধাবী মানুষ, অতুলনীয় সব জিনিসপত্র তৈরি করে ওরা।” পাকিস্তানের রপ্তানিকৃত পণ্যে ২৯ শতাংশ শুল্ক চাপানোর পরেও প্রশংসা শোনা গেল ট্রাম্পের মুখে।
শুল্কযুদ্ধের প্রেক্ষাপটে ওই মন্তব্য করা হলেও ভারত-পাক সংঘাত আবহে মার্কিন প্রেসিডেন্টের এহেন মন্তব্য নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। ট্রাম্প আরও বলেন, পাকিস্তানিরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করতে আগ্রহী। পাকিস্তান বর্তমানে আমেরিকায় ৫ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে ও আমেরিকার থেকে মাত্র ২.১ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে থাকে। যদিও সুকৌশলে সেকথা এড়িয়ে গেলেন ট্রাম্প।
পাকিস্তানের প্রশংসা করে ভারতের অর্থনৈতিক ব্যবস্থার সমালোচনা করতেও ছাড়লেন না ট্রাম্প। গোটা বিশ্বে সর্বোচ্চ শুল্ক আরোপকারী দেশ হল ভারত, এমনই মন্তব্য করেন ট্রাম্প। ভারত থেকে রপ্তানি হওয়া পণ্যের উপর ২৭ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। ফক্স নিউজে সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, মার্কিন পণ্যের উপর ১০০ শতাংশ শুল্কই মকুব করতে চায় ভারত। তবে এনিয়ে তিনি তাড়াহুড়ো করতে চান না।
শুল্ক নিয়ে নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে কথোপকথন গত এপ্রিল থেকে আচমকাই বন্ধ হয়ে গিয়েছে। মোটরসাইকেল-সহ অন্যান্য মার্কিন পণ্যে শুল্কের মাত্রাও কমিয়েছে ভারত। তবে এব্যাপারে সার্বিকভাবে কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি দুই দেশের মধ্যে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, শুল্ক নিয়ে সমঝোতা বেজায় জটিল, তবে এমন কোনও সিদ্ধান্তে উপনীত হতে হবে যা দুই দেশের পক্ষেই সুবিধাজনক হয়।
প্রসঙ্গত, মধ্য প্রাচ্য সফরে গিয়ে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া ওই সাক্ষাৎকারে ট্রাম্প এর আগে বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমানে সংঘর্ষবিরতি আনা নাকি তাঁর অন্যতম বড় সাফল্য। ট্রাম্পের দাবি, সারা জীবনে যা যা ঘটনার কৃতিত্ব তিনি অর্জন করেছেন, তার মধ্যে অন্যতম ভারত-পাক সংঘর্ষবিরতি।
