Operation Sindoor Video: প্ল্যানিং করে, ট্রেনিং নিয়ে প্রত্যাঘাত পাকিস্তানে। ‘অপারেশন সিঁদুরে’র নয়া ভিডিও প্রকাশ করে এমনই বার্তা ভারতীয় সেনার। পহেলগাঁও’তে ঘটে যাওয়া ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন নিরপরাধ মানুষের মৃত্যু হয়। ভয়াবহ সেই ঘটনার বদলা নিতেই মধ্যরাতে পাকিস্তানে চলে ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’। আর সেই মুহূর্তের আরও একটি ভিডিও সামনে আনল ভারতীয় সেনা (Indian Army)।
ওয়েস্টার্ন কমান্ডের (Western Command) তরফে এই ভিডিও শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়া এক্সে (Social Media X)। যেখানে লেখা হয়েছে, ‘Planned, trained & executed. Justice served”। শুধু তাই নয়, ভারতীয় সেনার এক জওয়ানকে বলতে শোনা যাচ্ছে, ‘এর শুরুটা পহেলগাঁও হামলা থেকে শুরু হয়েছে। এমন শিক্ষা দেওয়া হয়েছে যা আগামী প্রজন্ম মনে রাখবে’। তবে অপারেশন সিঁদুর কোনও প্রতিশোধ নয়, ন্যায়বিচার বলেও বার্তা ভারতীয় সেনার।
পোস্ট করা ভিডিওতে সেনার আরও দাবি, গত ৯ মে রাতে যখনই পাকিস্তান সংঘর্ষ বিরতি চুক্তি ভেঙে শেলিং শুরু করে, তখনই পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। তাদের সমস্ত পোস্ট ধ্বংস করে দেওয়া হয় বলেও নয়া ভিডিওতে একেবারে ছবি দেখিয়ে দাবি বাহিনীর।
Operation Sindoor Video: ভারতের প্রত্যাঘাতে বিধ্বস্ত পাকিস্তান
পহেলগাঁও হামলার ঠিক ১৫ দিনের মাথায় ৬ এবং ৭ মে রাতে পাকিস্তানের একেবারে ঘরে ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। একের পর এক মিসাইলের আঘাতে ধ্বংস হয়ে যায় লস্কর এবং জইশের সদর দফতরও। অন্তত ১০০ জন জঙ্গির মৃত্যু হয় বলে দাবি করা হয়। ‘অপারেশন সিঁদুরে’র পাল্টা পাকিস্তান লাগাতার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের একাধিক শহর এবং বায়ুসেনা ঘাঁটিগুলিকে টার্গেট করে। যদিও তাতেও ধাক্কা খায় পাকসেনা। ভারতের নিরাপত্তার দায়িত্বে থাকা এয়ার ডিফেন্স সিস্টেম এস-৪০০ ‘সুদর্শনে’ ধ্বংস হয় সমস্ত পাক ড্রোন।
