ক্যানসারে আক্রান্ত আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন। গত শুক্রবার তাঁর ক্যানসার ধরা পরে। রিপোর্ট বলছে, অত্যন্ত দ্রুত তাঁর দেহে ছড়িয়ে পড়ছে মারণরোগ। প্রাথমিক ভাবে প্রস্টেটে ক্যানসার ধরা পড়ে, বর্তমানে তা ছড়িয়ে পড়েছে প্রাক্তন প্রেসিডেন্টের হাড়েও। বাইডেন পরিবার তাঁর চিকিৎসা কোন পথে হবে তা নিয়ে চিন্তিত। বাইডেনের দফতর থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, অত্যন্ত আগ্রাসী ভঙ্গিতে গোটা দেহে ছড়িয়ে পড়ছে ক্যানসার। তবে এই ধরনের ক্যানসার হরমোন-সংবেদনশীল। ফলে চিকিৎসার সুযোগ রয়েছে।
এ খবর জানতে পেরে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে বারাক ওবামা, হিলারি ক্লিনটন, কমলা হ্যারিসেরা বাইডেনের দ্রুত আরোগ্য কামনা করেছেন। বাইডেন নিজে ক্যানসার গবেষণা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন। ২০১৫ সালে নিজের ছেলে বো বাইডেনের মৃত্যুর পর তিনি ‘ক্যানসার মুনশট’ কর্মসূচির সূচনা করেন। এই উদ্যোগের লক্ষ্য ছিল ক্যানসার নিরাময়ে বৈপ্লবিক পরিবর্তন আনা।
চিকিৎসকেরা বলছেন, শুরুতে ধরা পড়লে প্রস্টেট ক্যানসার সেরে যায়। যদিও পুরুষদের মধ্যে মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণের নামও সেই প্রস্টেট ক্যানসারই। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি ‘আমেরিকান ক্যানসার সোসাইটিকে উদ্ধৃত করে দাবি করেছে, প্রতি আট জন পুরুষের মধ্যে এক জনের জীবদ্দশায় প্রস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।
৮২ বছরের ডেমক্র্যাট প্রার্থী বাইডেন শারীরিক কারণেই এ বার প্রেসিডেন্টের লড়াই থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছিলেন। সামনে এগিয়ে দিয়েছিলেন কমলা হ্যারিসকে। কিন্তু রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের সামনে তিনি দাঁড়াতে পারেননি।
