ক্যান্সারে আক্রান্ত জো বাইডেন
ক্যানসারে আক্রান্ত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।রবিবারই ডেমোক্র্যাট নেতা জো বাইডেনের অফিস থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়, যাতে জানানো হয় যে প্রান্তন এই মার্কিন প্রেসিডেন্টের হাড়ে ছড়িয়ে পড়া একটি ‘আক্রমনাত্মক’ প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে। বাইডেনের প্রোস্টেট ক্যান্সার হাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে। বিবৃতিতে বলা হয়,প্রস্রাব সংক্রান্ত কিছু লক্ষণ দেখা দেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে প্রোস্টেটে একটি নডিউল পাওয়া যায় এবং পরবর্তীতে এই ক্যান্সার শনাক্ত হয়। বাইডেনের বয়স ও শারীরিক অবস্থা মাথায় রেখেই চিকিৎসা শুরু করা হবে বলেও জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, “যদিও এটি একটি আক্রমনাত্মক ধরনের ক্যান্সার, তবে এটি হরমোন-সেনসিটিভ (হরমোনের প্রতি সংবেদনশীল), যা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। প্রেসিডেন্ট ও তার পরিবার চিকিৎসকদের সঙ্গে চিকিৎসার বিকল্পগুলো নিয়ে আলোচনা করছেন।”
বাইডেনের ক্যান্সারের খবরে প্রাক্তন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও বর্তমান ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস এক্স (টুইটার)-এ একটি পোস্টে লিখেছেন, “জো একজন যোদ্ধা। আমি জানি, তিনি তার জীবনের মতোই দৃঢ়তা, সহিষ্ণুতা ও আশাবাদ নিয়ে এই চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। আমরা তার পূর্ণ ও দ্রুত সুস্থতা কামনা করছি।”
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও এক্স-এ এক বার্তায় বাইডেনের সুস্থতা কামনা করে লিখেছেন, “মিশেল ও আমি বাইডেন পরিবারের কথা ভাবছি। ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতির জন্য জো-এর মতো কেউ এতটা কাজ করেননি। আমি নিশ্চিত, তিনি তার স্বভাবসুলভ দৃঢ়তা ও মর্যাদা নিয়ে এই চ্যালেঞ্জ মোকাবিলা করবেন। আমরা তার দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য প্রার্থনা করছি।”
বেশ কিছুদিন ধরেই অসুস্থ জো বাইডেন। ভোটের প্রচারে নেমে বা সরকারি অনুষ্ঠানেও তিনি মাঝেমধ্যে খেই হারিয়ে ফেলতেন।এই নিয়ে বাইডেনের দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কম কটাক্ষ করেন নি। তিনি এই খবরে “দুঃখিত” বলে জানিয়েছেন। ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প বলেন, “জিল (বাইডেনের স্ত্রী) ও পরিবারের প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা রইল, এবং আমরা জো-এর দ্রুত ও সফল সুস্থতা কামনা করছি।”
৮২ বছর বয়সী বাইডেনের পুত্র বো বাইডেনও ২০১৫ সালে ক্যান্সারে মারা যান। আমেরিকান ক্যান্সার সোসাইটি অনুসারে, প্রোস্টেট ক্যান্সার কোষ যদি ‘অত্যন্ত অস্বাভাবিক’ দেখায়, তবে তাকে সর্বোচ্চ গ্রেড ৫ দেওয়া হয়। গ্লিসন স্কোর সর্বোচ্চ ১০ পর্যন্ত হতে পারে, যা বাইডেনের রোগের তীব্রতা নির্দেশ করে।প্রোস্টেট ক্যান্সার পুরুষদের মধ্যে সবচেয়ে সাধারণ ক্যান্সার। আমেরিকান ক্যান্সার সোসাইটির তথ্য অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি ৮ জন পুরুষের মধ্যে ১ জন জীবনের কোনো না কোনো পর্যায়ে এই রোগে আক্রান্ত হন। প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে এই ক্যান্সার নিরাময়যোগ্য হলেও, এটি পুরুষদের মধ্যে ক্যান্সারজনিত মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ।
