টুকতে ওস্তাদ পাকিস্তান। বিদেশের কাছে নিজেদের অবস্থান তুলে ধরার জন্য ভারতের মতোই কূটনৈতিক দল পাঠাবে পাকিস্তানও। ‘অপারেশন সিঁদুর’-এর পর সন্ত্রাসবাদ মোকাবিলায় দেশের সংকল্পের কথা বিশ্বের নেতাদের সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ, বন্ধু দেশগুলিতে সর্বদলীয় প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। ঠিক তার কয়েক ঘণ্টা পরেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ঘোষণা, তিনি তাঁর দেশের অবস্থান সকলের কাছে স্পষ্ট করার জন্য বিশ্বের গুরুত্বপূর্ণ দেশে কূটনৈতিক দল পাঠাবেন।
শরিফের দফতরের খবর অনুযায়ী, শনিবার, ১৭ মে প্রাক্তন বিদেশমন্ত্রী তথা পাকিস্তান পিপলস পার্টির প্রধান বিলাবল ভুট্টো জারদারির সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী শরিফ। তার পরেই এই সিদ্ধান্ত। পহেলগাও জঙ্গি হামলা এবং অপারেশন সিঁদুরের পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা পৌঁছে দিতে ভারত চলতি মাসের শেষ দিকে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য-সহ গুরুত্বপূর্ণ দেশগুলিতে সাতটি সর্বদলীয় প্রতিনিধিদল পাঠানোর ঘোষণা করার মাত্র কয়েক ঘন্টা পরেই নিজেদের প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নেয় পাকিস্তান।
রেডিও পাকিস্তান জানিয়েছে, ভারতের আসল উদ্দেশ্য ফাঁস করতে বিশ্বের গুরুত্বপূর্ণ রাজধানীগুলিতে একটি উচ্চ পর্যায়ের কূটনৈতিক প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। প্রতিনিধি দলের নেতৃত্ব জারদারিকে দিয়েছেন প্রধানমন্ত্রী শরিফ।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ পোস্ট করে এ দিন জারদারি বলেন, “আজ সকালে প্রধানমন্ত্রী আমার সঙ্গে যোগাযোগ করেন। তিনি আন্তর্জাতিক মঞ্চে শান্তির জন্য পাকিস্তানের অবস্থান তুলে ধরার জন্য আমাকে একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার অনুরোধ করেন। এই দায়িত্ব গ্রহণ করতে এবং এই চ্যালেঞ্জিং সময়ে পাকিস্তানের সেবা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকতে পেরে আমি সম্মানিত।”
জারদারি ছাড়াও প্রতিনিধি দলে থাকবেন মন্ত্রী মুসাদিক মালিক, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ নেতা খুররম দস্তগীর খান, সেনেটর শেরি রেহমান, প্রাক্তন বিদেশমন্ত্রী হিনা রব্বানি খার, মুত্তাহিদা কওমি মুভমেন্টের ফয়সাল সাবজওয়ারি, প্রাক্তন বিদেশ সচিব তেহমিনা জানজুয়া এবং জলিল আব্বাস জিলানি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, প্রতিনিধিদলটি এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য পাকিস্তানের আন্তরিক সদিচ্ছার উপর জোর দেবে। পাক উপ-প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, সাম্প্রতিক সংঘাতের বিষয়ে পাকিস্তানের অবস্থান তুলে ধরতে খুব দ্রুত আমেরিকা, ইংল্যান্ড, ব্রাসেলস, ফ্রান্স এবং রাশিয়া সফর করবে এই প্রতিনিধিদল।
