বাংলাদেশের বিখ্যাত অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেফতারি নিয়ে এবার মুখ খুললেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।ফারিয়াকে নিয়ে একটি ফেসবুক পোস্ট করেছেন তিনি।এতে নুসরাত ফারিয়ার গ্রেফতারকে বিব্রতকর একটা ঘটনা বলে বর্ণনা করেছেন।
রবিবার বাংলাদেশের বাইরে যাওয়ার সময় গ্রেফতার হন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়া। থাইল্যান্ড যাওয়ার সময় তাঁকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ। অনেকের অভিযোগ আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলেই তাঁকে গ্রেফতার করেছে মুহাম্মদ ইউনূস প্রশাসন। নুসরতের বিরুদ্ধে গতবছর বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় এক ‘খুনের চেষ্টা’-র মামলা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম।
অভিযোগ বাংলাদেশে এখন শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের সমর্থকদেরও নানা হেনস্থার শিকার হতে হচ্ছে। পরিচালক শ্যাম বেনেগলের ‘মুজিব: দ্য মেকিং অফ এ নেশন’ ছবিতে-ছবিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন এই নুসরত ফারিয়া। মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছিলেন আরিফিন শুভ। একের পর এক ঘটনার পর এবার নুসরাত ফারিয়ার গ্রেফতারি সে প্রশ্ন তুলে দিয়েছে। অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘আমি সাধারণত চেষ্টা করি আমার মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা না বলতে।কিন্তু আমার তো একটা পরিচয় আছে, আমি এই ইন্ডাস্ট্রিরই মানুষ ছিলাম এবং দুইদিন পর সেখানেই ফিরে যাবো।’
সময় নিউজের প্রতিবেদন অনুসারে তিনি আরও লিখেছেন, ‘নুসরাত ফারিয়ার গ্রেফতার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য। আমাদের সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা।ঢালাও মামলার ক্ষেত্রে আমাদের পরিষ্কার অবস্থান প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেফতার করা হবে না।এবং সেই নীতিই অনুসরণ করা হচ্ছিল।’
ফারুকী লিখেছেন, ‘আমি বিশ্বাস করি ফারিয়া আইনি প্রতিকার পাবে। এবং এই ধরনের ঢালাও মামলাকে আমরা আরো সংবেদনশীলভাবে হ্যান্ডেল করতে পারবো-এই আশা। আমাদের মনে রাখতে হবে আমাদের প্রধান কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা।’
এদিকে মামলা থাকায় নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করতে হয়েছে এবং নিরীহ কেউ কোনো অবস্থায় শাস্তির আওতায় আসবে না বলে সোমবার মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
ডেইলি স্টার বাংলার প্রতিবেদন অনুসারে বাংলাদেশের রাজধানীর ভাটারাতে কোটা সংস্কার আন্দোলনের সময় গুলিবিদ্ধ এনামুল হক গত ২৭ মার্চ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শোবিজের ১৭ তারকাসহ ২৬৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে গত ৩ মে ভাটারা থানার ওসি সেটি এফআইআর হিসেবে নথিভুক্ত করেন।এই ১৭ জন হলেন- নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, সৈয়দা কামরুন নাহার শাহনুর, উর্মিলা শ্রাবন্তী কর, সোহানা সাবা, তানভীন সুইটি, মেহের আফরোজ শাওন, জাকিয়া মুন, জ্যোতিকা জ্যোতি, সুবর্ণা মুস্তফা, আজিজুল হাকিম, আশনা হাবিব ভাবনা, সাইমন সাদিক, জায়েদ খান, রোকেয়া প্রাচী ও তারিন জাহান। এপার বাংলাতেও একাধিক ছবিতে কাজ করেছেন নুসরত।
…………………………
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
